বিজ্ঞাপন

বাউন্ডারি বাঁচাতে গিয়ে মাঠ থেকে হাসপাতালে চান্ডিমাল

বাউন্ডারি বাঁচাতে গিয়ে মাঠ থেকে হাসপাতালে চান্ডিমাল

ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভার। লোকেশ রাহুলের একটি শট ঠেকাতে ডিপ মিডউইকেট থেকে ডিপ স্কয়ার লেগের দিকে দৌড় দিলেন দিনেশ চান্ডিমাল। বল বাউন্ডারি পার হতে দেননি, দুই রান বাঁচালেন। কিন্তু মাঠ থেকে সরাসরি হাসপাতালে যেতে হলো শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটারকে।

বল ঠেকাতে গিয়ে নিজেকে ছুড়ে দিয়েছিলেন সামনে। বেকায়দায় পড়ে গেলেন। কাঁধে সজোরে আঘাত পেলেন এবং পা উল্টে টালমাটাল হয়ে পড়েন। তার ঘাড় ও কাঁধ বেঁকে পড়ে যায় শরীরের নিচে।

ওই অবস্থায় বাউন্ডারির ওপারে নিজেকে আবিষ্কার করেন চান্ডিমাল। গুরুতরভাবে আহত হন তিনি। তার সতীর্থরা, টিম ফিজিওথেরাপিস্ট ও ডাক্তার তার কাছে দৌড়ে যান। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেও বারবার ঘাড়, কাঁধ ও মাথায় হাত দিয়ে টিপতে থাকেন। 

বেশ সাবধানে চান্ডিমাল ড্রেসিংরুমে ফিরে যান। পূর্বসতর্কতা হিসেবে স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয় তাকে। মাঠে তার বদলি ফিল্ডার হিসেবে নামেন পাসিন্দু সুরিয়াবান্দারা। স্ক্যানে ঘাড়ে গুরুতর আঘাত পাওয়া গেলে গল টেস্টের বাকি সময়ে কনকাশন সাব তার জায়গায় খেলবেন। স্কোয়াডে বাড়তি টপ অর্ডার ব্যাটার হিসেবে আছেন সুরিয়াবান্দারা।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে হতাশ করেছেন চান্ডিমাল। মাত্র চার রান করেন তিনি। ভারতের ৪৬২ রানের জবাবে স্বাগতিকরা ২৮৪ রানে থামে। সফরকারীরা ১৭৮ রানের লিড নিয়ে চতুর্থ দিন দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে।

এফএইচএম