জুলাইয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তানজিদ হাসান তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সিরিজেই বাংলাদেশের বাঁহাতি ওপেনারের ব্যাট ছিল ধারাবাহিক। ইংল্যান্ডের হ্যারি ব্রুকও কম যাননি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার ব্যাটিং ছিল রীতিমতো বিধ্বংসী।
তবু মাস শেষে স্বীকৃতির মঞ্চে দুজনকেই পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। ব্যাট হাতে রান, বল হাতে উইকেট—জুলাইয়ে অলরাউন্ড নৈপুণ্যের পুরস্কারটাই যেন পেলেন গ্রিভস।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই জুলাইয়ের গল্পটা শুরু করেছিলেন তামিম। তিন ম্যাচে ১৫৯ রান—গড় ৫৩, স্ট্রাইক রেট ৮৯.৮৩। বাংলাদেশের ইনিংসের শুরুতে নিয়মিত রান এনে দেওয়ার পাশাপাশি সিরিজজুড়েই ছিলেন দলের অন্যতম ভরসা। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ছন্দ হারাননি। তিন ম্যাচে করেছেন আরও ১৪০ রান। গড় ৭০, স্ট্রাইক রেট ১২৭.২৭।
দুই সিরিজ মিলিয়ে তামিমের রানের সংখ্যাটা দাঁড়ায় ২৯৯ রান। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সিরিজেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। এমন পারফরম্যান্সে জুলাই সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেও সেরার পুরস্কার পাননি।
গ্রিভসকে শেষ পর্যন্ত আলাদা করে দিয়েছে তার অলরাউন্ড পারফরম্যান্স। জুলাইয়ে দুই টেস্টে ২১৫ রান করেছেন তিনি। গড় ৭১.৬৬। এর সঙ্গে বল হাতে নিয়েছেন ৮ উইকেট, বোলিং গড় মাত্র ১০.২৫।
এইচজেএস
