ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সমালোচনা করার কয়েক সপ্তাহের মধ্যেই দায়িত্ব ছাড়লেন সংস্থাটির প্রধান অপারেটিং কর্মকর্তা কেভিন লামোর। তার বিদায়ের পরই ফিফার প্রশাসনে ‘ভয়ের মাধ্যমে ব্যবস্থাপনা’র অভিযোগ তুলেছেন নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লিসে ক্লাভেনেস।
সোমবার ফিফার প্রধান অপারেটিং কর্মকর্তা হিসেবে লামোরের দায়িত্ব শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফা জানিয়েছে, দুই বছর দায়িত্ব পালনের পর লামোরের সঙ্গে তাদের ‘কর্মসম্পর্কের অবসান’ হয়েছে।
তবে বিষয়টি স্বাভাবিক বিদায় হিসেবে দেখছেন না ক্লাভেনেস। ইনফান্তিনোর দীর্ঘদিনের সমালোচক এই কর্মকর্তা দাবি করেছেন, লামোরকে মূলত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার ভাষায়, এটি ‘ভয়ের মাধ্যমে ব্যবস্থাপনা’র উদাহরণ।
ঘটনার সূত্রপাত বিশ্বকাপের বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে। কয়েক সপ্তাহ আগে ফিফার কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ইনফান্তিনোর একটি পরিকল্পনার সমালোচনা করেছিলেন লামোর। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রির সেই পরিকল্পনা নিয়ে ফিফার কর্মীদের ‘বিভ্রান্ত’ করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি।
লামোরের দাবি ছিল, গুরুত্বপূর্ণ ওই পরিকল্পনা সম্পর্কে ফিফার কর্মীদের যথেষ্ট তথ্য দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বলেছিলেন, ‘অবজ্ঞা ও ভয় দেখানোর চেয়ে ফিফার কর্মীরা আরও ভালো কিছু প্রাপ্য।’
নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে তখন আরও বলেছিলেন, প্রকাশ্যে কথা বলার পর অন্তত রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন তিনি। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, নিজের বক্তব্যের কারণে চাকরিও হারাতে পারেন। লামোরের সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো কি না, তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে।
ক্লাভেনেসের দাবি, লামোর স্বেচ্ছায় দায়িত্ব ছাড়েননি। সংবাদ সংস্থা এপিকে তিনি বলেন, ‘এখন তাকে ছুড়ে ফেলে দেওয়া হলো এবং আমাদের বলা হচ্ছে এগিয়ে যেতে। এটা গ্রহণযোগ্য নয়। এটি ভয়ের মাধ্যমে ব্যবস্থাপনা।’
এইচজেএস
