বড় গেমস বা টুর্নামেন্টে বাংলাদেশের বিভিন্ন ডিসিপ্লিন বিদেশের মাটিতে অনুশীলন করে। এশিয়ান গেমসের মতো বড় আসরে বাংলাদেশে প্রস্তুতির জন্য আসছে ভুটান আরচ্যারি দল। ২৪-২৮ আগস্ট ভুটানের ১০ সদস্যের দল ঢাকায় আসবে।
আরচ্যারি ভুটানের জাতীয় খেলা। এরপরও আন্তর্জাতিক অঙ্গনে সেই অর্থে তাদের সাফল্য নেই। বাংলাদেশ আরচ্যারিতে যথেষ্ট অগ্রগতি করছে। তাই এশিয়ান গেমসের আগে বাংলাদেশের আরচ্যারদের সঙ্গে খেলতে ২৪ আগস্ট আসছে ভুটানের কন্টিনজেন্ট। ২৫ আগস্ট অনুশীলনের পর ২৬ ও ২৭ আগস্ট মূলত দুই দেশের আরচ্যারদের মধ্যে গেম হবে। পরে ২৮ আগস্ট সকালে ঢাকা ছাড়বে থিম্পুর উদ্দেশে।
বাংলাদেশ ও এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল জানিয়েছেন, ‘এটা বাংলাদেশের জন্য বিশেষ একটা ব্যাপার। বিদেশি একটি দল বাংলাদেশে এশিয়ান গেমসের মতো আসরের প্রস্তুতির জন্য আসছে। বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন ভুটানের আগত দলকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। যা এশিয়ান ফেডারেশনগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধের একটি নিদর্শন।’
নারী ফুটবল, শ্যুটিং, আরচ্যারি, কাবাডি, হকি ও জিমন্যাস্টিক্স ছাড়া এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া অন্য ১৫ ডিসিপ্লিন এখনও অনুশীলন শুরু করতে পারেনি। আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে (বিওএ) এক সভায় আগামী পরশু থেকে অনুশীলন শুরু করার সিদ্ধান্ত হয়। অনেক ডিসিপ্লিনের ভেন্যু ও নানা সমস্যা রয়েছে। সেসবের সমন্বয় ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিওএ। ২৭ ফেডারেশন কমিটি পরিবর্তন হওয়ায় কর্মকর্তা ও কোচের নাম পরিবর্তনের আবেদনের হিড়িক ছিল। এই জটিলতা এখনও নিরসন হয়নি।
বাংলাদেশ হকি দলের জার্মানিতে প্রস্তুতি ম্যাচ খেলার কথা। তবে এখনও ভিসা না পাওয়ায় সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরপরও হকি ফেডারেশন আশা ছাড়ছে না বলে জানালেন যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স, ‘আমাদের পরিকল্পনা ছিল ২০ আগস্ট দল প্রেরণ করার। সেটা এখন সম্ভব হচ্ছে না। ২৫ আগস্ট নিয়ে কাজ চলছে। দুই সপ্তাহ জার্মানিতে অনুশীলনের পরিকল্পনা রয়েছে। এমনও হতে পারে বিশেষ প্রয়োজনে জার্মানি থেকে জাপান যেতে পারে দল।’
এজেড/এএইচএস
