যেন নিজ ঘরে ফিরে এসেছেন রদ্রি। বহুল আলোচিত চুক্তি সম্পন্ন হয়ে গেছে গতকাল (মঙ্গলবার)। স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রদ্রি ম্যানসিটি অধ্যায়ের ইতি টেনে বার্সেলোনায়, যেখানে তার জাতীয় দলের সতীর্থরা আছেন। ‘ঘরোয়া পরিবেশ’ যেন স্বস্তি দিচ্ছে এই মিডফিল্ডারকে। বিশ্বকাপের গোল্ডেন বল জয়ীকে দলে পেয়ে উচ্ছ্বাস লুকাননি কোচ হ্যানসি ফ্লিক। জার্মান কোচ তার নতুন খেলোয়াড়ের সামর্থ্যের ভূয়সী প্রশংসা করেছেন।
কাতালান কোচের বিশ্বাস, রদ্রি মাঝমাঠের গুনগত মান পরিবর্তন করতে পারবেন এবং আগামী মৌসুমে সব সতীর্থের উন্নতিতে ভূমিকা রাখবেন। গতকাল চুক্তি চূড়ান্তের ঘোষণার পর রদ্রিকে অফিসিয়াল ওয়েবসাইটে ১৬ নম্বর জার্সিতে দেখা গেছে। নিজের আশা-আকাঙ্ক্ষা ও লক্ষ্যের কথা জানিয়েছেন স্প্যানিশ তারকা। ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের গুন-সামর্থ্যে মুগ্ধ ফ্লিকও। একজন ব্যতিক্রমধর্মী ডিফেন্সিভ মিডফিল্ডার হতে যেসব গুনাবলী দরকার, তার সবই রদ্রির মধ্যে আছে মনে করেন জার্মান কোচ।
কাতালান সংবাদপত্র স্পোর্ত-কে ফ্লিক বলেছেন, ‘আমি মনে করি সে সম্ভবত সেরা ৬ নম্বর (ডিফেন্সিভ মিডফিল্ডার)। সে খেলার গতিপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে এবং রক্ষণাত্মক পর্যায়েও সে দারুণভাবে সাহায্য করতে পারে।’
রদ্রির খেলা তৈরি করা এবং ম্যাচের ছন্দ নিয়ন্ত্রণ করতে পারার সামর্থ্য ফ্লিকের নজর কেড়েছে। বিশেষ একটি শক্তির কথা উল্লেখ করলেন তিনি, ডুয়েলস ও অ্যারিয়ালে তার আধিপত্য! বার্সা কোচ বললেন, ‘অ্যারিয়াল ডুয়েলস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
রদ্রির আগমনের প্রভাব শুধু মাঝমাঠেই পড়বে না, পুরো দলের ওপর পড়বে বিশ্বাস ফ্লিকের, ‘অবশ্যই তার আগমন প্রত্যেক খেলোয়াড়ের উন্নতিতে প্রভাব ফেলবে।’
আজ (বুধবার) ‘গাম্পার ট্রফি’র ম্যাচে নতুন সমর্থকদের সামনে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। স্পেন জাতীয় দলের অধিনায়ক ও ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ২০১৯-২০ মৌসুম থেকে পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটিতে খেলছিলেন।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে সফল সময় কাটানোর পর তিনি এখন ফিরলেন লা লিগায়। এর আগে স্বদেশী এই লিগে ভিয়ারিয়াল ও অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছিলেন রদ্রি। তিনি এবার ফ্লিকের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পে যোগ দিয়েছেন।
এফএইচএম
