বিশ্বকাপসহ সব ধরনের ফিফা প্রতিযোগিতার অংশীদারত্ব বিক্রি করার বাতিল হওয়ার পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ‘আত্মঘাতী’ পথে হেঁটেছেন। এমন মন্তব্য করেছেন প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স।
গত মাসে বিশ্ব ফুটবল সংস্থার প্রধানের সমালোচনা করায় সম্প্রতি এর এক উচ্চপদস্থ কর্মকর্তা কেভিন লামোর বহিষ্কৃত হয়েছেন। তার আগে উয়েফা ইনফান্তিনোর কঠোর সমালোচনা করেছে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েনও তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। সবশেষ স্কটল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থন হারিয়েছেন ইনফান্তিনো। ইতোমধ্যে লা লিগা প্রধান হাভিয়ের তেবাস সুইস প্রশাসকের পদত্যাগের দাবি তুলেছিলেন। এবার তার সমালোচনায় সরব হলো প্রিমিয়ার লিগও।
মাস্টার্স বিবিসি-কে বললেন, ‘এই সমস্যা ফিফার তৈরি। এটা নিজেকে ক্ষত করার মতো ব্যাপার। এই সংস্থা আত্মঘাতী বোতামে চাপ দিয়েছে। এর পরিণতি হিসেবে সমাধান খুঁজতে হবে। আমি মনে করি না বিশ্বকাপের শেয়ার বিক্রির কথা মাথায় আনা উচিত ছিল।’
তিনি আরও বললেন, ‘তারা অলাভজনক সংস্থা। ফুটবলের ভবিষ্যতের কথা ভেবে আমানত হিসেবে তাদের এই প্রতিযোগিতা আয়োজন করা উচিত।’ তিনি যোগ করলেন, ‘আমি মনে করি এটা বাজে পরিকল্পনা। আর জিয়ান্নিকে নিয়ে এফএ সঠিক অবস্থানই নিয়েছে।’
আগামী বছর পুনর্নির্বাচনে অংশ নিতে যাওয়া ইনফান্তিনোর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রসঙ্গে মাস্টার্স বলেন, ‘আমি মনে করি, একজন উদীয়মান ঐক্য প্রার্থীর এজেন্ডায় ফিফার সংস্কার এবং সম্ভবত সভাপতির ভূমিকা ও এসবের সঙ্গে তার সম্পর্কের সংস্কার থাকা উচিত।’
এফএইচএম
