বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে অস্ট্রেলিয়া তাদের ১৩ জনের দলে একটি পরিবর্তন এনেছে। মাত্র এক টেস্ট পরই স্কোয়াডে পরিবর্তন আনার মতো ঘটনা অস্ট্রেলিয়ান ক্রিকেটে দেখা যায়নি বলেই জানা গেছে। দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন জেক ওয়েদারাল্ড। ফেরানো হয়েছে ২০২৩ সালে শেষ টেস্ট খেলা ম্যাট রেনশকে। নির্বাচকদের এমন ‘অভূতপূর্ব’ সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারি।
ওয়েদারাল্ডের প্রতি সহানুভূতি জানিয়ে ক্যারি বলেছেন, ‘দল থেকে যখন কেউ বাদ পড়ে, সেটা আসলে সবসময়ই কঠিন ব্যাপার। তবে এটাই ক্রিকেট। তাকে (ওয়েদারাল্ডকে) আমি বার্তা দিয়েছি এবং আমার সহানুভূতি জানিয়েছি। আশা করছি সে দ্রুতই ঘুরে দাঁড়াতে পারবে এবং আমাদেরকে আরও একটি ফাইনালে নিয়ে যেতে পারবে। তার বয়স ৩০ এর ঘরে এবং দারুণ ক্লাসও রয়েছে।’
রেনশর দলে ফেরা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সে (ম্যাট রেনশ) আন্তর্জাতিক ক্রিকেটে আগেও খেলেছে, যদিও অনেক আগে। তার উন্নতিটা আমি দেখেছি। মানসিকভাবে সে ভালো জায়গায় আছে। সাদা বলে বেশ ভালো খেলেছে সে। গত কয়েক বছরে যত চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, সেগুলো সে ভালোভাবেই সামলেছে। সে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে আরও একটি সুযোগ পেয়েছে, অবশ্যই এটা লুফে নিতে মুখিয়ে আছে। শিল্ডে গত মৌসুমে দারুণ খেলেছে। আমরা সবাই জানি সে কতটা ভালো খেলোয়াড়। এই গ্রুপে সে বেশ ভালোভাবে এসেছে। আশা করি ট্র্যাভের (ট্রাভিস হেড) সঙ্গে সে ভালোই করবে (ওপেনিংয়ে)।’
রেনশর ব্যাটিংয়ের আগ্রাসন এবং উন্নতির ব্যাপারটিও নজর এড়ায়নি ক্যারির, ‘হ্যাঁ সে এখন অনেক পরিণত ক্রিকেটার। বয়স ৩০ বছর হতে হতে আপনি নিজের সম্পর্কে এবং খেলাটা সম্পর্কেও অনেক কিছু জানতে-বুঝতে পারবেন। সে অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই খেলেছে। চ্যালেঞ্জ সম্পর্কেও ভালো যায়। অ্যাটাক ডিফেন্সের মাঝে সে ব্যালেন্সটাও ভালোভাবেই জানে। কুইন্সল্যান্ডের হয়ে ব্যাটিং ওপেন করেছিল শেফিল্ড শিল্ডে। গত বছর তিনটি সেঞ্চুরিও করেছে। সে সব কন্ডিশনেই আসলে ভালো করতে সক্ষম। ভারতেও সেঞ্চুরি আছে। সিডনিতে টেস্ট সেঞ্চুরি আছে। এখন সে আরও ভালো প্লেয়ার। দারুণ সুযোগ, আশা করি সে লুফে নেবে।’
এসএইচ/এফএইচএম
