অস্ট্রেলিয়াকে সিরিজের প্রথম টেস্টে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। এবার শেষ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় তারা। প্রথম ম্যাচে জয়ের সেই আনন্দ নিয়ে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স কথা বললেন।
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো চাট্টিখানি কথা নয়। তৃতীয়বারের চেষ্টাতেই বাংলাদেশ সফল হয়েছে। ঈর্ষণীয় এই সাফল্যের বিশ্বের নানান জায়গা থেকে প্রশংসার ঢল আসছে। এমন জয়ের পর দলের অনুভূতি কেমন ছিল, সেটা রেভস্পোর্টজ-কে বললেন সিমন্স, ‘আমরা বিষয়টিকে খানিকটা আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ জয়ের সাথে তুলনা করছিলাম, কারণ বিশ্বকাপের সময় ঢাকার রাস্তাঘাটের চিত্রটা বিশ্বাস করার মতো ছিল না। গতকালও আমরা বলছিলাম যে ঘটনাটা অনেকটাই সেরকম।’
একেবারে অন্যরকম অনুভূতির মধ্যে দিয়ে গেছেন ক্যারিবিয়ান কোচ, ‘মানুষের উদযাপন, বাংলাদেশ থেকে আমায় পাঠানো বার্তাগুলো মিলিয়ে ব্যাপারটা আসলেই বিশেষ কিছু। কিছু মানুষ তো বিশ্বাসই করতে পারছিল না যে এমনটা ঘটতে পারে, বিশেষ করে এই সফরে। বাংলাদেশের মানুষের জন্য ব্যাপারটা কেমন হতে পারে তা আমি কল্পনা করতে পারি, কারণ আমার নিজের জন্য ব্যাপারটা কেমন তা আমি জানি।’
সিরিজের এখনও একটি ম্যাচ বাকি। তাই খেলোয়াড়দের বাঁধভাঙা উদযাপন করতে দেখে সিমন্সের মনে অস্বস্তি কাজ করছিল। তিনি বললেন, ‘সাধারণত আমি হলে বড় কোনো উদ্যাপনের অনুমতি দিতাম না, কারণ আমাদের সামনে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু এবার আমি নিজেকে ধরে রাখতে পারিনি। এমনকি ড্রেসিংরুমেও আমাকে শুধু একপাশে বসে তাদের আনন্দ উদযাপন উপভোগ করতে হয়েছে, কারণ জয়টা সত্যিই অনেক বড় ছিল।’
তিনি বলে গেলেন, ‘আর মুশফিকুর রহিমের মতো একজন মানুষের জন্য, যে দীর্ঘদিন ধরে দলের সাথে আছে এবং অনেক কঠিন সময় পার করেছে, তার মুখে এই আনন্দ দেখতে পাওয়াটা ছিল দারুণ অনুভূতির। আমি তাদের উদ্যাপন এবং এই ম্যাচ জয় উপভোগ করার ধরনটা সত্যিই খুব উপভোগ করেছি।’
এসএইচ/এফএইচএম
