২০০৩ সালে ডারউইন ও কেয়ার্নসে টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো দেশটিতে গিয়ে অবিস্মরণীয় জয় পেল তারা সেই ডারউইনেই। ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর বিশ্ব ক্রিকেট মহলে প্রশংসিত হচ্ছে বাংলাদেশ। এমনকি অস্ট্রেলিয়ার সাবেক গ্রেটরাও প্রশংসায় ভাসাচ্ছে বাংলাদেশকে, বিশেষ করে তানজিদ হাসান তামিম ও হাসান মাহমুদকে।
এবার ‘ফাস্ট বোলিং কার্টেল’ নামের একটি পডকাস্টে সাবেক তিন পেসার গ্লেন ম্যাকগ্রা, ডেমিয়েন ফ্লেমিং ও জেসন গিলেস্পি বাংলাদেশকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করলেন। বিশেষ করে হাসানকে নিয়ে হলো আলোচনা। ফ্লেমিং এই পেসারের লেংথ, মুভমেন্ট দেখে হতবাক। ম্যাকগ্রার সামনেই হাসানকে নিয়ে বললেন, ‘সে ম্যাকগ্রার মতো বল করেছে’।
নির্ভুল, শৃঙ্খল এবং সিম মুভমেন্টে বোলিংয়ে অভিভূত সাবেক এই পেসার। দারুণ নিয়ন্ত্রণ ও একটানা একই লেংথে বোলিং দেখে লিজেন্ডারি পেসারের সঙ্গে তাকে তুলনা করেছেন ফ্লেমিং। ম্যাকগ্রাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বোলিংয়ে হাসান মাহমুদ একেবারে নিখুঁত লেংথটা পেয়ে গিয়েছিল। পিচে যখন কিছুটা আর্দ্রতা ছিল, তখন হয়তো অন্য কেউ একটু শর্ট লেংথে বল করে ফেলত। আমি নিশ্চিত নই তুমি (ম্যাকগ্রা) কোনো হাইলাইটস দেখেছ কি না, তবে এটা ছিল একদম ম্যাকগ্রার মতো বোলিং। প্রতিপক্ষ ব্যাটারকে সামনে নিয়ে আসা এবং লেংথ থেকে বলকে মুভমেন্ট করে একটানা বোলিং করে গেছে।’
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই সাফল্যকে বিশ্ব ক্রিকেটের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন ম্যাকগ্রা, ‘ক্রিকেটকে ভালোবাসে বাংলাদেশ। এর আগে তারা অস্ট্রেলিয়াতে এসেছিল ২৩ বছর আগে। বাংলাদেশ ভালো করতে পারবে না, এমনটা ভেবেই অস্ট্রেলিয়া ২৩ বছর বাংলাদেশের সঙ্গে (ঘরের মাঠে) খেলেনি। এরপর তারা অস্ট্রেলিয়ায় এসে এমন পারফর্ম করল! এটা বিশ্ব ক্রিকেটের জন্য ইতিবাচক দিক।’ ম্যাকাই টেস্টেও বাংলাদেশকে নিয়ে আশাবাদী এই সাবেক পেসার, ‘ম্যাকাইয়েও যদি একই পারফরম্যান্স বাংলাদেশ ধরে রাখতে পারে তাহলে দারুণ কিছু পেতে পারে তারা।’
এফএইচএম
