বাংলাদেশ অ-২০ দল সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। এরপরই এই দল নিয়ে এশিয়া কাপে খেলার স্বপ্ন জেগেছিল। বাফুফে দীর্ঘমেয়াদী প্রস্তুতি এবং প্রবাসী ফুটবলাররা দলে এসে সেই সম্ভাবনার পালে হাওয়া বাড়িয়েছে। এই দলকে থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলানোর চেষ্টা থাকলেও ভিসা জটিলতায় সেটা বেশ কঠিন হয়ে পড়ছে।
৩১ আগস্ট উজবেকিস্তানে বাংলাদেশের এএফসি অ-২০ টুর্নামেন্ট শুরু। দিন তিনেক আগেই উজবেকিস্তান পৌঁছানোর পরিকল্পনা বাংলাদেশ দলের। উজবেকিস্তান যাওয়ার আগে থাইল্যান্ডে একাধিক অনুশীলন ম্যাচ খেলার ব্যবস্থা ছিল। কিন্তু বাধ সাধে থাই ভিসা! বাফুফে বেশ কয়েক দিন যাবৎ ফুটবলারদের থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করে যোগাযোগ করছে। এখনো কোনো ফলাফল আসেনি। আগামীকালের মধ্যে ভিসা না হলে এই সফরের সম্ভাবনা সেভাবে থাকবে না। শুক্রবার বাংলাদেশে থাই দূতাবাস বন্ধ। শনি-রবি আবার থাইল্যান্ডে ছুটি। এরপর ভিসা আসলেও অতি স্বল্প সময়ে টিকিট করে থাইল্যান্ড গিয়ে ম্যাচ খেলা সম্ভবপর হবে না।
বাফুফে সাধারণ সম্পাদক মূলত এই কয়েকদিন থাইল্যান্ড ফুটবল ফেডারেশন ও থাই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। সফর ভেস্তে যাওয়ার উপক্রম হওয়ায় বাফুফে সভাপতি এখন এই বিষয়টি জোর দিয়ে দেখছেন। তার প্রচেষ্টায় যদি কাল-পরশুর মধ্যে ভিসা হয় তাহলে উজবেকিস্তান যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডের ভিসা না পেয়ে দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার মনন রেজা খেলতে যেতে পারেননি। আরো কয়েকজন ক্রীড়াবিদের থাই ভিসা না পাওয়ার ঘটনা রয়েছে।
বাংলাদেশ অ-২০ দল কয়েক সপ্তাহ যশোরের শামসুল হুদা একাডেমিতে অনুশীলন করেছে। গত পরশু ঢাকায় এসে কমলাপুর স্টেডিয়ামে প্র্যাকটিস করছে। যে কোনো সময় থাইল্যান্ড সফর হতে পারে এজন্য দলকে আগেভাগেই ঢাকায় এনে রেখেছে বাফুফে। যদিও কমলাপুর স্টেডিয়ামের পরিবেশ ফুটবল সম্মত নয়। বৃটিশ কোচ জেরার্ড জোন্স ২৩ জনের দল চূড়ান্ত করেছেন। এতে কয়েকজন প্রবাসী ফুটবলার রয়েছেন। আগামীকাল মিডিয়ার সামনে তিনি কথা বলতে পারেন তখন হয়তো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবেন।
বাছাই পর্বে আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সাত সেরা রানার্স আপ অ-২০ এশিয়া কাপের মূল পর্বে খেলবে। বাংলাদেশ পড়েছে বি গ্রুপে। এই গ্রুপে স্বাগতিক উজবেকিস্তান ছাড়া প্রতিপক্ষ ভারত ও সিরিয়া। ৩১ আগস্ট স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে। ৩ ও ৬ সেপ্টেম্বর যথাক্রমে সিরিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারলেও রানার্স আপ হলেও বাংলাদেশের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ থাকবে। এই টুর্নামেন্টের উপর বৃটিশ কোচ জেরার্ড জোন্সের বাংলাদেশ অধ্যায় নির্ভর করছে। তার কোচিং অভিজ্ঞতা ও সনদ ভালো থাকলেও আচার-আচরণে বাফুফে অসন্তুষ্ট।
এজেড/এইচজেএস
