ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারানোর পেছনে বড় অবদান টাইগার পেসার হাসান মাহমুদ ও ওপেনার তানজিদ হাসান তামিমের। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হন হাসান। আর তানজিদ তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। এবার আইসিসি থেকে সুখবর পেলেন এই দুই বাংলাদেশি ক্রিকেটার। র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তারা।
বোলারদের র্যাংকিংয়ে এক লাফে ২৬ ধাপ এগিয়েছেন হাসান মাহমুদ। বর্তমানে তিনি অবস্থান করছেন ৩৮ নম্বরে। তার বর্তমান রেটিং পয়েন্ট ৫০৩। বোলারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজেরও। তিন ধাপ এগিয়ে রয়েছেন ২৪ নম্বরে। এছাড়া তাসকিন এক ধাপ ও এবাদত চার ধাপ এগিয়েছেন।
ব্যাটারদের র্যাংকিয়েও এসেছে পরিবর্তন। নয় ধাপ এগিয়ে সেরা বিশে জায়গা করে নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। পাঁচ ধাপ এগিয়েছেন মুমিনুল হক। তার বর্তমান অবস্থান ৩১ নম্বরে। সবচেয়ে বড় লাফটা দিয়েছেন তানজিদ হাসান তামিম। ডারউইনে নিজের অভিষেক টেস্ট সেঞ্চুরির দেখা এই বাংলাদেশি ওপেনার এগিয়েছেন ৮৪ ধাপ। বর্তমানে রয়েছেন ৮৯ নম্বরে। এছাড়া ব্যাটারদের র্যাংকিংয়ে মিরাজ পাঁচ ধাপ ও সাদমান তিন ধাপ এগিয়েছেন।
ডারউইনে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন অজি ব্যাটার ক্যামেরন গ্রিন। আর প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন স্টিভেন স্মিথ। তারা দুজনও সুখবর পেয়েছেন। পাঁচ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন গ্রিন। আর এক ধাপ এগিয়ে সেরা তিনে জায়গা করে নিয়েছেন স্টিভেন স্মিথ।
টেস্টে ব্যাটারদের র্যাংকিংয়ে সবার ওপরে অবস্থান হ্যারি ব্রুকের। দুই নম্বরে আছেন আরেক ইংলিশ ব্যাটার জো রুট। তারা দুজনই এক ধাপ করে এগিয়েছেন। আর তিন ধাপ পিছিয়ে চার নম্বরে নেমে গেছেন ট্রাভিস হেড। বোলারদের সেরা তিনে আসেনি কোনো পরিবর্তন। শীর্ষে অবস্থান জাস্প্রিত বুমরাহর। দুই নম্বরে আছেন ম্যাট হেনরি। আর তিনে অবস্থান মিচেল স্টার্কের।
এমএমএম/
