বিজ্ঞাপন

বিশ্বকাপের ভাবনা নিয়ে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাইফউদ্দিন

বিশ্বকাপের ভাবনা নিয়ে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাইফউদ্দিন

জাতীয় দলের সাদা বলের খেলা না থাকলেও ব্যস্ত সময় কাটাবেন মোহাম্মদ সাইফউদ্দিন। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে যাচ্ছেন এই অলরাউন্ডার। তবে আসন্ন সফরকে শুধু প্রস্তুতির মঞ্চ নয়, আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিও মাথায় রাখছেন সাইফউদ্দিন।

মিরপুর একাডেমি মাঠে বুধবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা যারা সাদা বলের খেলোয়াড় আছি, একসঙ্গে নাজমুল ভাই (কোচ ও সাবেক পেসার) আছেন আমাদের সঙ্গে। উনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করছি এবং কাজ করছি। ওই কন্ডিশনে কীভাবে ভালো করা যায়, সেটাও আলোচনা করেছি। ২০২৭ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় হবে। তাই আনুষঙ্গিক সব বিষয় মিলিয়ে আলোচনা করছি। নিজের সেরাটা দেওয়ার এবং ফিট থাকার চেষ্টা করবো।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলা উপমহাদেশের ক্রিকেটারদের জন্য বরাবরই কঠিন। এ বিষয়ে সাইফউদ্দিন বলেন, ‘দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সহজ হবে না। যেহেতু আমাদের ইমার্জিং দল সেখানে খেলছে এবং চারদিনের ম্যাচের দল আগে যাবে, তাই কন্ডিশন দেখে নিজেকে প্রস্তুত করার সময় পাবো।

নিজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট থাকলেও উন্নতির জায়গা রয়েছে বলেই মনে করেন এই অলরাউন্ডার, ‘ভালো খেলার তো বিকল্প নেই। যদি আমার সাম্প্রতিক ম্যাচগুলো দেখেন, আমি খুব একটা খারাপ করিনি। তবে ভালোর তো শেষ নেই, আরও ভালো করা যায়। সেই লক্ষ্যে কাজ করছি।’

ছুটি থাকলেও ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন সাইফ। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আমাদের ছুটি, তারপরও আমি ব্যক্তিগতভাবে এসে কাজ করছি। যতটুকু উন্নতি করা যায় আরকি। আমি জানি, আন্তর্জাতিক ক্রিকেটে আমার ঘাটতিগুলো কোথায়, সেগুলোসহ বোলিং এবং ব্যাটিংয়ে নিয়ে কাজ করছি।’

এসএইচ/এমএমএম