জামাল মুসিয়ালাকে ঘিরে দুশ্চিন্তা বাড়ছিল বায়ার্ন মিউনিখের। মাত্র কয়েক দিনের ব্যবধানে মাঠে দুবার লুটিয়ে পড়েছিলেন জার্মানির এই তারকা। প্রথমবার লাইপজিগের বিপক্ষে, এরপর হাইডেনহাইমের বিপক্ষে। সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় ছিল, তখনও জানা যাচ্ছিল না ঠিক কী কারণে এমনটা হচ্ছে।
এবার অবশ্য সেই অজানা অধ্যায়ের কিছুটা অবসান হয়েছে। মুসিয়ালা নিজেই জানিয়েছেন, তার সাময়িক ও স্বল্পস্থায়ী অচেতন হয়ে পড়ার কারণ একটি স্নায়বিক সমস্যা। তবে আশার কথা, চিকিৎসকরা এটিকে সহজেই নিয়ন্ত্রণযোগ্য বলে মনে করছেন।
হাইডেনহাইমের বিপক্ষে দ্বিতীয়বার মাঠে পড়ে যাওয়ার পর মুসিয়ালা বলেন, 'আমার সাময়িক, স্বল্পস্থায়ী, তবে সহজে চিকিৎসাযোগ্য স্নায়বিক সমস্যার কারণে এমনটা হয়েছে।'
লাইপজিগের বিপক্ষে প্রথমবার মাঠে পড়ে যাওয়ার পরও কিছুটা অচেতন দেখাচ্ছিল তাকে। দ্রুত মাঠে ছুটে এসেছিলেন চিকিৎসক। পরে মুসিয়ালা স্থিতিশীল আছেন—এমন ইঙ্গিতও দেওয়া হয়। কিন্তু কয়েক দিনের ব্যবধানে একই ঘটনা আবার ঘটায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তার স্বাস্থ্য নিয়ে।
মুসিয়ালাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হলে সেটি বায়ার্নের জন্যও বড় ধাক্কা হতে পারত। বিশেষ করে আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তার ওপর দলের অনেকটাই নির্ভর করে। তবে আপাতত মুসিয়ালার বিকল্প হিসেবে নতুন কোনো খেলোয়াড় কেনার পরিকল্পনা নেই বায়ার্নের।
বরং ক্লাবের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসিয়ালার সুস্থ হয়ে ওঠা। তার চিকিৎসা প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে এবং চিকিৎসক নিউরোলজিস্টদের সঙ্গে নিয়মিত পরামর্শ করেই এগোচ্ছে বায়ার্ন। তবে ঠিক কবে মুসিয়ালা আবার মাঠে ফিরতে পারবেন, কিংবা কবে পুরোপুরি সুস্থ হয়ে খেলতে পারবেন—এ মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছেন না কেউই।
এইচজেএস
