দীর্ঘ পাঁচ বছর পর সম্প্রতি ওয়ানডে দলে ফিরে একটি ম্যাচ খেলেন মোহাম্মদ সাইফউদ্দিন। সামনে নিজের জায়গাটা ধরে রাখার লড়াই রয়েছে এই অলরাউন্ডারের। সেই লড়াইয়ের প্রস্তুতিটা এবার দক্ষিণ আফ্রিকা থেকেই নিতে চান তিনি।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের ক্রিকেটে খেলবেন সাইফউদ্দিন। মিরপুরে বুধবার অনুশীলন শেষে তিনি বলেন, ‘আমরা যারা সাদা বলের খেলোয়াড় আছি, একসঙ্গে নাজমুল ভাই (কোচ ও সাবেক পেসার) আছেন আমাদের সঙ্গে। উনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করছি এবং কাজ করছি। ওই কন্ডিশনে কীভাবে ভালো করা যায়, সেটাও আলোচনা করেছি। ২০২৭ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় হবে। তাই আনুষঙ্গিক সব বিষয় মিলিয়ে আলোচনা করছি। নিজের সেরাটা দেওয়ার এবং ফিট থাকার চেষ্টা করবো।’
সফরের কন্ডিশন নিয়ে খুব একটা অন্ধকারে থাকতে হচ্ছে না সাইফকে, ‘দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সহজ হবে না। যেহেতু, আমাদের ইমার্জিং দল সেখানে খেলছে এবং চারদিনের ম্যাচের দল আগে যাবে, কন্ডিশন দেখে নিজেকে প্রস্তুত করার আরও সময় পাবো।’
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে নিয়মিতই দেখা গেছে সাইফউদ্দিনকে, ‘ভালো খেলার তো বিকল্প নেই। যদি আমার সাম্প্রতিক ম্যাচগুলো দেখেন, আমি খুব একটা খারাপ করিনি। তবে ভালোর তো শেষ নেই, আরও ভালো করা যায়। সেই লক্ষ্যে কাজ করছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে কোথায় ঘাটতি রয়েছে, সেটিও চিহ্নিত করেছেন এই অলরাউন্ডার, ‘এখন আমাদের ছুটি, তারপরও আমি ব্যক্তিগতভাবে এসে কাজ করছি। যতটুকু উন্নতি করা যায়। আমি জানি, আন্তর্জাতিক ক্রিকেটে আমার ঘাটতিগুলো কোথায়, সেগুলো নিয়ে বোলিং এবং ব্যাটিংয়ে কাজ করছি।’
এসএইচ/এমএমএম
