প্রথমবারের মতো এএফসি আসরে খেলে বাজিমাত করেছে বাংলাদেশি ক্লাব ফর্টিজ এফসি। প্লে-অফ ম্যাচে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে খেলছে। আজ (বৃহস্পতিবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টের ড্রতে ফর্টিজ ‘সি’ গ্রুপে পড়েছে।
এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশ পশ্চিম জোনে রয়েছে। পশ্চিম জোনের জন্য তিন গ্রুপ। প্রথমে তিন গ্রুপের স্বাগতিক গ্রুপ নির্ধারণ হয়। ভুটানের পারো ‘এ’, তাজিকিস্তানের ইসতিকলাল ‘বি’ আর কুয়েতের কাদসিয়া এসসি ‘সি’। বাংলাদেশের ফর্টিজ ছিল তিন নম্বর পটে। ওই পটে আরেক দল পুলিশকে হারানো সিরিয়ার ক্লাব আল ইতিহাদ। এই পট থেকে সিরিয়ান ক্লাবের নাম উঠায় ‘এ’ গ্রুপে পড়েছে, কারণ ‘বি’ গ্রুপে সিরিয়ার আরেক ক্লাব আছে। বাংলাদেশের ফর্টিজ তাই ‘সি’ গ্রুপে।
‘সি’ গ্রুপে প্রথম দল ভারতের এফসি গোয়া। এএফসি আসরে তারা যথেষ্ট নিয়মিত এবং সফলও। স্বাগতিক কাদসিয়া ছাড়া এই গ্রুপের আরেক দল তাজিকিস্তানের রেজাক তাজাক।
১৭-২৪ অক্টোবর গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পশ্চিম জোনে তিন গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা রানার্সআপ দল পরবর্তী পর্বে যাবে। আর পূর্ব জোন থেকে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ পরবর্তী পর্বে খেলবে।
এজেড/এএইচএস
