চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের। তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসেনি। গুঞ্জন রয়েছে, ভারত শেষ পর্যন্ত পিছিয়ে দিতে পারে এই সিরিজ। তবে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানালেন, নির্ধারিত সময়ে সিরিজ আয়োজন করতে এখনো আলোচনা চলছে।
আজ বৃৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে ভারত সিরিজ প্রসঙ্গে তামিম বলেন, 'ভারত সিরিজ নিয়ে আমাদের এখনো আলোচনা হচ্ছে। তারিখ এদিক ওদিক হতে পারে। যদি ভারত সিরিজ হয় তখন জিডি ট্রফি মিরপুর থেকে অন্য ভেন্যুতে চলে যাবে।'
'আমার জন্য গুরুত্বপূর্ণ হলো পুরোপুরি স্বচ্ছ ক্রিকেট বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মর্যাদা অটুট রাখা এবং তারপর সামনে এগোনো। এটার জন্য যদি আপনাদের থেকে আমাকে ১০টা সমালোচনাও শুনতে হয়, আমি তাতে রাজি আছি।'-যোগ করেন তিনি।
এদিকে বর্তমানে জাতীয় দলসহ ৪টি বিভাগের খেলা চলছে। এ নিয়ে তামিম বলেন, 'আপনারা জানেন যে এর মধ্যে প্রায় ৪টা দল এই মুহূর্তে বাংলাদেশের কোনো না কোনো টুর্নামেন্টে খেলছে। সাউথ আফ্রিকায় আছে, অস্ট্রেলিয়ায় আছে, এটা বিরল একটা বিষয়, মানে এটা সচরাচর হয় না। আসলে ৫টা দল ছিল, অনূর্ধ্ব-২৩ দলও সম্প্রতি খেলেছে। তো যত বেশি খেলার সুযোগ থাকবে এবং যত বেশি এরা বিভিন্ন প্রতিযোগিতায় খেলবে, তত বেশি আমরা খেলোয়াড় শনাক্ত করতে পারব এবং তত বেশি আমরা উন্নতি করতে পারব।'
এসএইচ/এইচজেএস
