বাংলাদেশের প্রথম নারী ক্লাব হিসেবে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে কেলতে যায় রাজশাহী স্টারস। দ্বিতীয় রাউন্ডে খেলার লক্ষ্য নিয়ে মালয়েশিয়া গেলেও টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ছোটনের শিষ্যরা। আজ রাতে কুয়ালালামপুরে মালয়েশিয়ার সাবাহ এফসির বিপক্ষে ২-১ গোলে হারে রাজশাহী।
বাংলাদেশের ক্লাব রাজশাহী প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে ৩-০ গোলে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে পয়েন্টের বিকল্প ছিল না আফিদা খন্দকারদের। প্রথমার্ধে মালয়েশিয়ার ক্লাবের সঙ্গে ভালোই লড়ছিল। দুই দলের কেউ গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে রাজশাহী ম্যাচ থেকে ছিটকে যায়। এক গোল হজমের পর রুপ্না চাকমারা খানিকটা ভেঙে পড়ে। এরপর আরেক গোল করে স্বাগতিক সাবাহ জয়ের সুবাস পায়। ৮৩ মিনিটে ডান প্রান্ত থেকে দূরপাল্লার দর্শনীয় শট করেন। গোলরক্ষক পোস্ট থেকে খানিকটা এগিয়ে ছিলেন। তার মাথার উপর দিয়ে বল জালে জড়ায়। রাজশাহী এক গোল করে পরাজয়ের ব্যবধান কমায়। কিন্তু হারা এড়ানো সম্ভব হয়নি।
ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩ গোল দিয়েছিল। আজ গুয়ামের ক্লাবকে ১২ গোল দেয়। ইস্ট বেঙ্গলের ২ জয়ে ৬ পয়েন্ট। গ্রুপ চ্যাম্পিয়ন দল পরবর্তী রাউন্ডে যাবে তারা। রাজশাহী গুয়ামের ক্লাবকে হারালেও ইস্ট বেঙ্গলের ৬ পয়েন্ট হওয়া সম্ভব নয়। তাই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে।
এজেড/এমএমএম
