বিজ্ঞাপন

আইসিসি থেকে সুখবর পেল পাকিস্তান

আইসিসি থেকে সুখবর পেল পাকিস্তান

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের পিচ নিয়ে দেওয়া শাস্তির বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আপিল মেনে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আপিল প্যানেল। ফলে গাদ্দাফি স্টেডিয়ামের ওপর থেকে একটি ডিমেরিট পয়েন্ট তুলে নেওয়া হয়েছে।

গত জুনে পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ‘অসন্তোষজনক’ পিচ তৈরির অভিযোগে গাদ্দাফি স্টেডিয়ামকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। এই ভেন্যুর ইতিহাসে সেটিই ছিল প্রথম ডিমেরিট পয়েন্ট।

সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে মাত্র ১৫৭ রানে অলআউট করে চার উইকেটে জিতেছিল পাকিস্তান। ৪২ ওভারের মধ্যেই শেষ হয়ে যাওয়া ম্যাচটিতে স্পিনাররা বাড়তি সহায়তা পাওয়ায় পিচ নিয়ে প্রশ্ন উঠেছিল। পুরো সিরিজে এটিই ছিল একমাত্র ম্যাচ, যেখানে কোনো দল ২০০ রানের ঘর পেরোতে পারেনি।

তবে পাকিস্তানের যুক্তি ছিল, ম্যাচের ফলাফল বা কম রানই পিচকে ‘অসন্তোষজনক’ প্রমাণ করে না। রাওয়ালপিন্ডি ও লাহোরে ওই সিরিজে পাকিস্তান ইচ্ছাকৃতভাবেই স্পিনসহায়ক উইকেট তৈরি করেছিল। তৎকালীন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদিও দলের কৌশলকে সমর্থন করেছিলেন।

পিসিবির আপিলের পর বিষয়টি নতুন করে পর্যালোচনা করে আইসিসির আপিল প্যানেল। ম্যাচের ভিডিও ফুটেজ, ম্যাচ রেফারির প্রতিবেদন এবং সংশ্লিষ্ট দলগুলোর মতামত পর্যালোচনা করে তারা আগের সিদ্ধান্ত বাতিল করেছে।

আইসিসি জানিয়েছে, পর্যালোচনায় দেখা গেছে, গাদ্দাফির পিচে ‘অতিরিক্ত অসমান বা অস্বাভাবিক স্পিন’ ছিল না। ফলে পিচটিকে ডিমেরিট পয়েন্ট দেওয়ার মতো পর্যায়ের বলে মনে করেনি আপিল প্যানেল।

এটি অবশ্য আইসিসির পিচ-সংক্রান্ত শাস্তির বিরুদ্ধে পিসিবির দ্বিতীয় সফল আপিল। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের পিচ নিয়ে দেওয়া ডিমেরিট পয়েন্টও আপিল করে বাতিল করিয়েছিল পাকিস্তান।

এইচজেএস