বিজ্ঞাপন

আবার মারাকানায় হবে বিশ্বকাপের ফাইনাল, রেকর্ড গড়তে যাচ্ছে ব্রাজিল

আবার মারাকানায় হবে বিশ্বকাপের ফাইনাল, রেকর্ড গড়তে যাচ্ছে ব্রাজিল

ব্রাজিলের আট শহরকে ঘিরে হবে ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ম্যাচ আয়োজনের শহরগুলোর তালিকা ও প্রাথমিক ভেন্যু পরিকল্পনা প্রকাশ করেছে ফিফা। প্রতিটি শহরে হবে অন্তত সাতটি করে ম্যাচ। এর মধ্যে প্রতিটি শহরেই থাকছে অন্তত একটি নকআউট ম্যাচ।

ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফি ও সালভাদরে হবে শেষ ষোলো পর্যন্ত ম্যাচ। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো হবে বেলো হরিজন্তে, ফোর্তালেজা, রিও ডি জেনেইরো ও সাও পাওলোতে। আর সেমিফাইনালের দায়িত্ব পেয়েছে রিও ডি জেনেইরো ও সাও পাওলো।

তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে মারাকানা। বিশ্ব ফুটবলের ঐতিহাসিক এই স্টেডিয়াম হতে যাচ্ছে এমন এক বিরল কীর্তির অংশ, যেখানে পুরুষ ও নারী—দুই বিশ্বকাপের ফাইনাল আয়োজন করা হবে।

এর আগে সুইডেনের রাসুন্দা স্টেডিয়াম ও যুক্তরাষ্ট্রের পাসাডেনার রোজ বোল পুরুষ ও নারী বিশ্বকাপের ফাইনাল আয়োজনের এই কীর্তি গড়েছে। সেই তালিকায় এবার যোগ হতে যাচ্ছে ব্রাজিলের মারাকানা।

বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ব্রাজিলের ফুটবল সংস্কৃতি ও সমর্থকদের আবেগের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘ব্রাজিলিয়ান সমর্থকদের আবেগ, রং ও উচ্ছ্বাসের কথা ভাবলেই রোমাঞ্চিত হচ্ছি।’

ইনফান্তিনোর বিশ্বাস, আট আয়োজক শহরের বৈচিত্র্য এবারের নারী বিশ্বকাপকে আরও বর্ণিল করে তুলবে। শুধু মাঠের ফুটবল নয়, শহরগুলোর সংস্কৃতি ও সমর্থকদের উচ্ছ্বাসও টুর্নামেন্টের আবহে আলাদা মাত্রা যোগ করবে বলে মনে করছে ফিফা।

এইচজেএস