বিজ্ঞাপন

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

একাদশে দুটি পরিবর্তনের ইঙ্গিত এবং আগামীকাল (শনিবার) ম্যাচের টস দেওয়ার সময় দল চূড়ান্ত হবে বলে জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। আশ্চর্যজনকভাবে অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে তারা দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে। যেখানে পরিবর্তন এসেছে কেবল একটি। নাথান লায়নকে বাদ দেওয়ার ইঙ্গিত দিলেও সেই সিদ্ধান্ত নেয়নি অজি নির্বাচকরা।

আগামীকাল (শনিবার) ভোরে ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশের বিপক্ষে সিরিজ এড়ানোর লক্ষ্যে নামবে কামিন্সের দল। মধ্য কুইন্সল্যান্ডের মৃদু শীতল আবহাওয়ার কারণে লায়নের পরিবর্তে স্কট বোল্যান্ডকে খেলানোর বিষয়টি বিবেচনা করছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্সও জানিয়েছিলেন, বোলিং আক্রমণের ভারসাম্য নিয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচকরা আরও কিছুটা সময় নিতে চান।

নাথান লায়নকে একাদশের বাইরে রেখে চার পেসার নিয়ে ম্যাকাইতে নামার বিষয়টি নির্বাচকরা ভাবলেও, তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। ফলে জ্যাক ওয়েদারল্ডের জায়গায় স্কোয়াডে ডাক পাওয়া ম্যাট রেনশ যুক্ত হলেন একাদশেও। এ ছাড়া ডারউইন টেস্টের দলে আর কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। ম্যাকাইতে ড্র হলেও তারা প্রথমবারের মতো টেস্টে টাইগারদের কাছে সিরিজ হাতছাড়া করবে। ফলে জয় ভিন্ন বিকল্প নেই অজিদের সামনে। 

অজি সংবাদমাধ্যম ‘ক্রিকেটডটকম ডটএইউ’ বলছে, কামিন্সের সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরই নির্বাচকরা মাঠের পাশে বৈঠকে বসেন এবং একাদশে লায়নের জায়গা ধরে রাখার বিষয়টি নিশ্চিত করেন। ২০২৫ সালে গোলাপি বলের টেস্টে দু’বার পুরো পেস আক্রমণ নিয়ে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। তবে ফিট থাকা এই স্পিনারকে লাল বলের টেস্টে বাদ দেওয়ার সর্বশেষ ঘটনা ঘটেছিল ১৪ বছর আগে, পার্থের ওয়াকা গ্রাউন্ডে।

dhakapost
জায়গা ধরে রাখলেন নাথান লায়ন, ৩ বছর পর টেস্ট একাদশে ম্যাট রেনশ

তিন নম্বর পজিশনে ব্যর্থতার মধ্যে থাকা মার্নাস লাবুশেন একাদশে জায়গা ধরে রেখেছেন। এদিকে, ২০২৩ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা রেনশ ব্যাট করেছিলেন মিডল অর্ডারে। এবার অবশ্য আবারও ওপেনিংয়ে ফিরছেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। ২০১৬-১৭ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে ২০ বছর বয়সী তরুণ হিসেবে ওপেন করতে নেমেই টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি। কিন্তু ধারাবাহিকতার অভাবে টেস্ট দল থেকে ছিটকে যান কয়েকবার।

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ 

ম্যাথু রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ব্যু ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড

এএইচএস