বিজ্ঞাপন

জর্জিয়ান তারকার হাতে ব্যালন ডি’অর দেখতে চান টনি ক্রুস

জর্জিয়ান তারকার হাতে ব্যালন ডি’অর দেখতে চান টনি ক্রুস

রিয়াল মাদ্রিদ ও জার্মানির সাবেক তারকা মিডফিল্ডার টনি ক্রুস ২০২৬ ব্যালন ডি’অর নিয়ে নিজের চাঞ্চল্যকর প্রত্যাশা প্রকাশ করেছেন। তিনি ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেখতে চান পিএসজির জর্জিয়ান তারকা খিচা কাভারৎস্খেলিয়ার হাতে।

মাঝমাঠের অন্যতম সেরা এই তারকা ফুটবলার জানেন, ব্যালন জয়ে তার এই ব্যক্তিগত পছন্দ অনেকেরই ব্রু কুঁচকে দিতে পারে। তা সত্ত্বেও তিনি কাভারৎস্খেলিয়াকে ব্যালন জয়ে ‘শীর্ষ পছন্দ’ উল্লেখ করেছেন বলে জানিয়েছে স্প্যানিশ পত্রিকা ‘ফুট মার্কাতো’। ক্রুস বলেছেন, ‘আমার কাছে সে এখন এক নম্বর খেলোয়াড়।’

বিশ্বকাপে আলো ছড়ানো বেশ কয়েকজন তারকা খেলোয়াড় সাবেক এই রিয়াল মিডফিল্ডারের বিচারে পিছিয়ে পড়েছেন। তার মতে, রদ্রিগো হার্নান্দেজ , লিওনেল মেসি, জুড বেলিংহ্যাম এবং কিলিয়ান এমবাপে– কেউই তাদের ক্লাবের হয়ে এমন কোনো শক্তিশালী মৌসুম উপহার দিতে পারেননি যা দিয়ে এই পুরস্কারের জন্য জোরালো দাবি জানানো যায়।

ক্রুস কাভারৎস্খেলিয়াকে ‘গত মৌসুমের সেরা খেলোয়াড়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি তাকে ‘বিশ্বের সেরা ফুটবল দলের বর্তমান সেরা খেলোয়াড়’ হিসেবেও বর্ণনা করেছেন। পিএসজির এই জর্জিয়ান উইঙ্গারকে মনোনয়ন দেওয়ার বিষয়টি তার পরিসংখ্যান দিয়েই জোরালোভাবে সমর্থিত হয়। ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে কাভারৎস্খেলিয়া একটি অসাধারণ মৌসুম কাটিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮টি ম্যাচে তিনি ১৯টি গোল করেছেন এবং ১১টি অ্যাসিস্ট করেছেন।

dhakapost

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে তার প্রভাব ছিল আরও বেশি স্পষ্ট। ১৬টি ম্যাচে কাভারৎস্খেলিয়া ১০ গোল ও ৭টি গোল করিয়েছেন। এ ছাড়া মোনাকো, চেলসি, লিভারপুল এবং বায়ার্ন মিউনিখের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচগুলোতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ২৫ বছর বয়সী এই উইঙ্গার।

সেই পারফরম্যান্সের সুবাদে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কাভারৎস্খেলিয়া এখন শক্তিশালী সমর্থন পাচ্ছেন, বিশেষ করে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ক্রুস তার পক্ষে অবস্থান নেওয়ায় সেটি স্পষ্ট হয়েছে। তবুও বিশ্বকাপজয়ী ইয়ামাল, রদ্রি কিংবা রানার্সআপ হওয়া মেসিদের ছাপিয়ে যাওয়ার বিষয়টি বেশ চাঞ্চল্যকরই মনে হতে পারে। আগামী ২৬ অক্টোবর লন্ডনে ব্যালনজয়ীর নাম ঘোষণা করবে ফ্রান্স ম্যাগাজিন।

এএইচএস