করিন্থিয়ান্সের কাছে রোজারিও সেন্ট্রালের বেদনাদায়ক হারের পর অবসরের ইঙ্গিত দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এই ম্যাচ হেরে কোপা লিবার্তাদোরেস থেকে ছিটকে গেছে তার দল।
শেষ ষোলোর দ্বিতীয় লেগে হারের পর ডি মারিয়া বললেন, ‘এটা কঠিন মুহূর্ত। কারণ আমার স্বপ্ন ভিন্ন ছিল, আমার আকাঙ্ক্ষা ছিল অন্যরকম-চালিয়ে যাওয়ার। কিন্তু এটাই ফুটবল। এখন আমাকে ভাবতে হবে এবং দেখতে হবে আমি কী করে যেতে চাই।’
২০২২ সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন প্লেমেকার গত জুনে তার প্রিয় ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ান। ইউরোপে ১৮ বছর কাটানোর পর ক্লাবটিতে ২০২৫ এর মাঝামাঝি সময়ে ফেরেন। ২০২৭ সালের জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। দলটির হয়ে ৪৩ ম্যাচ খেলে ১৪ গোল ও সাত অ্যাসিস্ট। ২০২৫ প্রফেশনাল লিগে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ওই শিরোপা জিতে বাৎসরিক পয়েন্ট টেবিলে এক নম্বরে ছিল রোজারিও সেন্ট্রাল।
টানা দুটি কোপা আমেরিকা ও বিশ্বকাপ জেতা ডি মারিয়া ২০২৪ সালে মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ জিতে আন্তর্জাতিক অবসর নেন। আলবিসেলেস্তের জার্সিতে তিনি ১৪৫ ম্যাচে ৩১ গোল করেছিলেন।
এফএইচএম
