আগামী মাসে আফগানিস্তান ও ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর সূচি পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। ম্যাচগুলোর নতুন দিন-তারিখ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া-র (বিসিসিআই) মধ্যে আলোচনা চলছে।
এসিবি সূচিটা এগিয়ে আনতে চাইছে, যেখানে ১৪ সেপ্টেম্বর একটি ম্যাচ থাকবে। ওই দিন আবার সনাতনী ধর্মের উৎসব গণেশ চতুর্থী। তিন ম্যাচের প্রাথমিক সূচিতে খেলা হবে ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর। জানা গেছে, ভারতে ওই দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বিবেচনা করে সূচিতে পবির্তনের অনুরোধ পেয়েছে বিসিসিআই। স্টেকহোল্ডারদের কথা মাথায় রেখে এসিবি ভারতীয় ক্রিকেট বোর্ডকে এই প্রস্তাব দিয়েছে।
সংশোধিত সূচিতে ম্যাচগুলো হলে একটি হবে উৎসবের দিন। তাতে করে ভেন্যুতে দর্শক-শ্রোতাদের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে তিন ম্যাচের সবগুলো। প্রথমবার আফগানিস্তান ভারতের মাটিতেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করছে।
এসিবি কর্মকর্তা ও সিরিজের স্টেকহোল্ডারদের ধারণা বিসিসিআই এই অনুরোধ মেনে নিতে পারে। তাতে করে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষে (২৭ আগস্ট) ও এশিয়ান গেমস (২৪ সেপ্টেম্বর) শুরুর মাঝে বাংলাদেশের মাটিতে ভারতের ওয়ানডে সিরিজ হওয়ার সম্ভাবনা জেগেছে। যদিও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ভারত ও বাংলাদেশ এই সিরিজ নিয়ে নিজ নিজ সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
এফএইচএম
