বিজ্ঞাপন

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

ফিফা ডিসিপ্লিনারি কমিশন লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ নিষিদ্ধ করেছে। গাভির নিষেধাজ্ঞা এক ম্যাচের। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের মারামারির ঘটনায় এই শাস্তি দিয়েছে ফিফা।

আর্জেন্টিনার আরও দুই খেলোয়াড় ও এক কোচও নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন। নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। থিয়াগো আলমাদাকে দুই ম্যাচ এবং লিওনেল স্কালোনির স্টাফ দলের সদস্য রবার্তো আয়ালাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বড় অঙ্কের জরিমানা করা হয়েছে পারেদেস ও মোলিনাকে। দুজনকেই ৯০ হাজার মার্কিন ডলার গুনতে হবে। এছাড়া শাস্তি পাওয়া বাকি তিন জনকে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

নিউ জার্সিতে অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে যাওয়ার পর মাঠেই ‘যুদ্ধে’ জড়িয়ে পড়েন আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়েরা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে যখন স্পেনের বদলি খেলোয়াড়েরা উদযাপনের জন্য মাঠে দৌড়ে যান, তখন স্প্যানিশ মিডফিল্ডার গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন আর্জেন্টিনার পারেদেস।

এই ঘটনার জল গড়িয়েছে অনেক দূর। পারেদেসের বিরুদ্ধে ৩টি অসদাচরণ ও শারীরিক আক্রমণের অভিযোগ আনা হয়েছে। এছাড়া মোলিনার বিরুদ্ধে ২টি অভিযোগ এবং আলমাদা, আর্জেন্টিনার টিম অফিসিয়াল আয়ালা ও স্পেনের গাভির বিরুদ্ধে ১টি করে অসদাচরণের অভিযোগ তুলে জবাবদিহিতা চেয়ে নোটিশ পাঠিয়েছিল ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে ফিফা স্পষ্ট জানিয়েছিল, তাদের শুনানি শেষে চূড়ান্ত শাস্তির রায় দেওয়া হবে। আজ (শুক্রবার) ফিফা এক বিজ্ঞপ্তিতে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিলো। স্বস্তির খবর হলো, এই নিষেধাজ্ঞা শুধু আন্তর্জাতিক ম্যাচে কার্যকর হবে। মানে পারেদেস, মোলিনা, আলমাদা ও গাভি নিজ নিজ ক্লাবের হয়ে ম্যাচ খেলতে পারবেন। 

ফিফা শুধু ফাইনালের পরের ঘটনাতেই সীমাবদ্ধ ছিল না। টুর্নামেন্ট চলাকালে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে (এএফএ) আরও কিছু ঘটনায় শৃঙ্খলামূলক তদন্ত শুরু করে। এর মধ্যে ছিল বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, ম্যাচের শুরুতে দেরি, নিরাপত্তা প্রটোকল লংঘন, বস্তু নিক্ষেপ এবং অনুপযুক্ত বার্তার প্রদর্শনের মতো অভিযোগ।

বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ‘মালভিনাস আর্জেন্টাইনস’ ব্যানার প্রদর্শন করাসহ বিভিন্ন আচরণবিধি লংঘন করার কারণে প্রায় আড়াই লাখ ইউরো জরিমানা করা হয়েছে। এছাড়া এএফএ-কে তাদের পরবর্তী দুটি হোম ম্যাচ ৫০ শতাংশ দর্শক ধারণক্ষমতা নিয়ে খেলার নির্দেশ দেওয়া হয়েছে। মোট জরিমানার অর্থের মধ্যে
১ লাখ মার্কিন ডলার বৈষম্য বিরোধী একটি পরিকল্পনায় বিনিয়োগ করতে হবে।

এফএইচএম