বিজ্ঞাপন

ইনফান্তিনোর ওপর সমর্থন প্রত্যাহার করে বিকল্প খোঁজার ঘোষণা ডেনমার্কের

ইনফান্তিনোর ওপর সমর্থন প্রত্যাহার করে বিকল্প খোঁজার ঘোষণা ডেনমার্কের

বিশ্ব ফুটবল সংস্থার প্রধানের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলার ঘোষণা দিয়েছে ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন (ডিবিইউ)। একই সঙ্গে আগামী বছরের নির্বাচনে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর একজন বিশ্বাসযোগ্য বিকল্প খোঁজার অঙ্গীকার করেছে তারা।

ডিবিইউ বলেছে, ইনফান্তিনোর ফিফার টুর্নামেন্টগুলো অংশীদারত্ব বিক্রির বাতিল হওয়া প্রস্তাব ‘ফিফার নেতৃত্বের প্রতি আস্থার মৌলিক সংকট’ তৈরি করেছে। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে কিংবা ক্ষমা চেয়ে আস্থা ফিরে পাবেন না তিনি।

তারা আরও বলেছে, ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইনফান্তিনোকে তারা সমর্থন জানায়নি এবং আগামী নির্বাচনেও একই অবস্থানে থাকবে তারা। আগামী বছরের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ৭৭তম ফিফা কংগ্রেসে পরবর্তী মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

একটি বোর্ড মিটিংয়ের পর ডেনমার্কের প্রধান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানায়, ‘আমরা আনন্দিত যে বেশ কিছু ফেডারেশন তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।’ তারা আরও বলেছে, ‘ডিবিইউ, উয়েফা এবং আমাদের আন্তর্জাতিক সহকর্মীদের সাথে মিলে এটি নিশ্চিত করতে কাজ করবে যে, ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সদস্য সংগঠনগুলোর কাছে একটি প্রকৃত পছন্দের এবং একটি বিশ্বাসযোগ্য বিকল্প থাকে, যার মাধ্যমে বিভিন্ন কনফেডারেশন জুড়ে ফিফাকে ঐক্যবদ্ধ করতে এবং ভেঙে যাওয়া আস্থা পুনর্নির্মাণ করতে পারবে।’

বাতিল হওয়া প্রস্তাব প্রসঙ্গে ফিফা তাদের সদস্য সংগঠনগুলোর কাছে ক্ষমা চেয়েছিল। ডিবিইউ যোগ করেছে, ‘জিয়ান্নি ইনফান্তিনোর ওপর থেকে আস্থা উঠে গেছে। প্রস্তাব প্রত্যাহার কিংবা ক্ষমা প্রার্থনা কোনোটিই সেই মূল্যায়নে পরিবর্তন আনবে না। গত সপ্তাহের একাধিক ঘটনা নতুন ফিফা প্রেসিডেন্টের আকাঙ্ক্ষা আরও জোরালো করেছে।’

প্রেসিডেন্সিয়াল নির্বাচনের জন্য প্রার্থিতা জমা দেওয়ার শেষ তারিখ ১৮ নভেম্বর, এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতা ঘোষণা করেননি। ইনফান্তিনো ২০৩১ সাল পর্যন্ত চতুর্থ মেয়াদে দায়িত্ব নেওয়ার দ্বারপ্রান্তে। কিন্তু বেশ কিছু জাতীয় সংস্থা ও গুরুত্বপূর্ণ কর্মকর্তারা সুইস প্রশাসকের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে।

এফএইচএম

বিজ্ঞাপন