যুক্তরাজ্যের ভুয়া ভিসা ও জালিয়াতি সংক্রান্ত ২২ বছরের পুরোনো একটি ফৌজদারি মামলা থেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিন। নয়াদিল্লির পাতিয়ালা হাউস কোর্ট তাকে এই মামলার সব ধরণের অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করে।
মামলার বিবরণ অনুযায়ী, ঘটনাটি ২০০৪ সালের। ওই বছর মার্টিনের ক্রিকেট দলের এক সদস্য যুক্তরাজ্যে খেলতে যান। তবে নির্ধারিত ৬ মাসের মেয়াদের পরও তিনি সেখানে থেকে যান। পরবর্তীতে তিনি ভুয়া ইমিগ্রেশন স্ট্যাম্প ব্যবহার করে ভারতে ফেরার চেষ্টা করলে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন। প্রাথমিক এফআইআরে নাম না থাকলেও পরবর্তীতে তদন্তে তার নাম যুক্ত করা হয়।
দীর্ঘ ২২ বছরের এই বিচার প্রক্রিয়ায় ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৬৮, ৪৭১ ও ১২০’র বি ধারা এবং পাসপোর্ট আইনের ১২ নম্বর ধারায় গঠিত অভিযোগগুলোর একটিও আদালত প্রমাণ করতে পারেনি। বিচারে দেখা যায়, আর্থিক লেনদেন বা যুক্তরাজ্যে যাত্রা ব্যবস্থার সঙ্গে মার্টিনের সরাসরি সম্পৃক্ততার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই।
দীর্ঘদিন পর খালাস পেয়ে প্রতিক্রিয়ায় মার্টিন বলেন, ‘এই দীর্ঘ সময় আমার জীবনে চরম মানসিক চাপ সৃষ্টি করেছিল। এর কারণে আমাকে রেলওয়ের চাকরি হারাতে হয়েছে এবং বিসিসিআই থেকেও কোনো সাহায্য পাইনি। ২২ বছর পর আসা এই রায় আমার জীবনের এক নতুন মোড়।’
ভারতের জাতীয় দলের হয়ে ১০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ডানহাতি ব্যাটার ২২.৫৭ গড়ে ১৫৮ রান সংগ্রহ করেছেন।
এমএমএম/
