‘প্রথমবারের মতো এই সিরিজের কোনো সেশনে জিতল অস্ট্রেলিয়া’, ম্যাকাই টেস্টের মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার সময় এই প্রতিক্রিয়া অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের। ডারউইনে ১১ সেশনের সবকটিতে ছিল বাংলাদেশের দাপট। অথচ ম্যাকাইতে প্রথম সেশন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৫ রান, যার পাঁচটিই গেছে মিচেল স্টার্কের পকেটে!
মাত্র ২২ বলে নিজের টেস্ট ক্যারিয়ারের ১৯তম ফাইফার পূর্ণ করেছেন স্টার্ক। বিরতিতে যাওয়ার সময় তিনি মুখোমুখি হলেন ফক্স ক্রিকেটে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা স্ত্রী অ্যালিসা হিলি’র। অজি নারী দলের সাবেক এই অধিনায়কের প্রশ্নের বিপরীতে স্টার্ক বলেন, ‘গত সপ্তাহে আমরা নিশ্চিতভাবেই নিজেদের সেরা ছন্দে ছিলাম না। তবে এই পিচে শুরুতে বল করার সুযোগটা কাজে লাগানো গেছে।’
ডারউইনে ঘরের মাঠে প্রথমবার বাংলাদেশের কাছে টেস্ট হেরে অস্ট্রেলিয়া বেশ ব্যাকফুটে চলে যায়। দ্বিতীয় টেস্টের আগে নিজেদের পরিকল্পনা বা কৌশলে কোনো পরিবর্তন আনা হয়েছিল কি না সেই প্রশ্নে অজি গতিতারকার জবাব, ‘কুইন্সল্যান্ডের অনেক খেলোয়াড়ই বলেছেন– এই পিচ অনেকটা গ্যাবা’র (আরেকটি ভেন্যু) মতোই। তাই প্রথম সেশনেই ছয়টি উইকেট পাওয়া অবশ্যই সন্তোষজনক। আর ব্যাটিং লাইনআপের ক্ষেত্রে ছোটখাটো বিষয় ছিল, হাফ-ভলিগুলো তখনই কার্যকর হয় যখন বল সোজা ব্যাটে আসে না।’
যে কৌশলে পুরোদমে সফল হলেন তা জানিয়ে স্টার্ক বললেন, ‘আমাদের বলের লেন্থ আরেকটু এগিয়ে (ফুলার) রাখতে হয়েছিল। প্রথম টেস্টে তারা (বাংলাদেশি ব্যাটার) বেশ ধৈর্য ধরে খেলে এবং সত্যিই ভালো ব্যাটিং করেছিল। তাই এবার আমরা বলের লেন্থ আরেকটু এগিয়ে রাখার চেষ্টা করেছি, বাউন্সার বেশি ব্যবহার করেছি এবং ক্যাচগুলো ঠিকঠাক লুফে নিয়েছি। সবমিলিয়ে এখন পর্যন্ত কৌশলটা ভালোই কাজ করেছে, আশা করি লাঞ্চের পরেও আমরা এই ধারা বজায় রাখতে পারব।’

দলের পক্ষ থেকে যে নির্দেশনা স্টার্কদের প্রতি, ‘আমাদের কিছু বাউন্সার করার নির্দেশনা ছিল। আমার মনে হয় আমরা এখন পর্যন্ত সেই লক্ষ্যটা ভালোভাবে পূরণ করতে পেরেছি।’
অস্ট্রেলিয়ান সাবেক তারকা ক্রিকেটার হিলি জিজ্ঞেস করেন– কন্ডিশন, সুইং এবং বলের মুভমেন্ট কমে গেলে ব্যাটিং সহজ হয়ে যায় কি না। জবাবে স্টার্ক বলেন, ‘বলের মুভমেন্ট বা শেপ এখনও কিছুটা আছে। ডারউইনের প্রথম সেশনে বল যতটা আড়াআড়িভাবে নড়ছিল, এখানে হয়তো ততটা হচ্ছে না। যদি পিচটা গ্যাবার মতো হয়, তবে এটি আরও কিছুটা দ্রুতগতির ও শক্ত হয়ে উঠবে বলে মনে হয়। শুরুর দিকে পিচের ওপরটা বেশ ভেজা ভাব ছিল। আবহাওয়া চমৎকার, তাই পিচটা হয়তো আরও শক্ত ও দ্রুতগতির হয়ে উঠবে। আশা করি আরও চারটি উইকেট তুলে নেওয়ার পর এখানে প্রচুর রান করার সুযোগ থাকবে।’
এএইচএস
