বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে আবারও কথার লড়াইয়ে জড়িয়ে আম্পায়ারদের সতর্কবার্তা পেয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। এ ছাড়া সফরকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও পেসার তাসকিন আহমেদ যখন রিভিউ নেওয়া নিয়ে আলোচনায় ব্যস্ত, তখন স্মিথ তাদের রিভিউ নিতে উৎসাহ দেন। যা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক অজি কিংবদন্তি।
তখন অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের নবম ওভার চলছিল। তাসকিনের বল স্মিথের প্যাডে লাগলে জোরালো আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার নীতিন মেনন মাথা নেড়ে আবেদন নাকচ করার পর রিভিউ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সিদ্ধান্ত নেওয়ার আগে মূলত পরস্পর কথা বলছিলেন শান্ত-তাসকিন। টাইগার পেসার তার অধিনায়ককে রিভিউ নিতে বললেও শেষ পর্যন্ত বাংলাদেশ অধিনায়ক সিদ্ধান্তটি চ্যালেঞ্জ করেননি।
এরই মাঝে স্মিথকে বলতে শোনা যায়, বাংলাদেশকে রিভিউ নেওয়ার পরামর্শ দিতে। স্টাম্প মাইকে ধরা পড়েছে– বাংলাদেশের আবেদনের সময় স্মিথ বলেন, ‘আমি তো ওর দিকে অর্ধেক পিচ চলে এসেছি, বলটা অনেক ওপরে দিয়ে যাচ্ছে।’ আবার তাসকিনের সঙ্গে শান্ত যখন রিভিউ নিয়ে আলোচনা করছিলেন, তখন স্মিথ আবার বলেন, ‘নিয়ে নাও।’
এরপর দুই আম্পায়ারই ক্রিজের কাছে গিয়ে স্মিথকে সতর্ক করেন। অস্ট্রেলিয়ান তারকা তখন কিছুটা বিস্মিত চেহারায় মাথা নাড়েন। যা নিয়ে ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকার ব্রেন্ডন জুলিয়ান বলেন, ‘এক্ষেত্রে আম্পায়ারদের ভূমিকা যথার্থ। কারণ আপনি বলতে পারেন না, “বলটা অনেক ওপরে দিয়ে যাচ্ছে।” সে (স্মিথ) সেটাই বলেছে। আম্পায়াররা মূলত বলছেন, এটা ফিল্ডিং দলের ওপর ছেড়ে দিন।’
— Smithian49 (@Markie49SS) August 22, 2026
আরেক ধারাভাষ্যকার কেরি ও’কিফ মজা করে বলেন, ‘আমি জানি, ৭০–এর দশকে আপনি (স্মিথ) এমনটা করলে সেটা গুরুতর শারীরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াত।’ ব্যাটিংয়ের সময় স্টাম্প মাইকে স্মিথের কথোপকথন ধরা পড়ার ঘটনা অবশ্য নতুন নয়। প্রথম টেস্টেও লিটন দাসের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছিলেন তিনি।
ওই সময় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করার সময় তাইজুল ইসলামের লেগ-সাইডের একটি বলে স্মিথের ব্যাটের কানায় বল লেগেছে বলে মনে করে বাংলাদেশ। আম্পায়ার আউট না দেওয়ার পর স্মিথ বলেন, ‘(রিভিউ) ব্যবহার করো। করো। নাও, ব্যবহার করো... আরেকটা রিভিউ নষ্ট করো। যা ইচ্ছা করো। নিজের কাজ করো।’
সম্ভাব্য ক্যাচটি দারুণভাবে লুফে নেওয়ার চেষ্টা করা উইকেটরক্ষক লিটন তখন জবাব দেন, ‘তুমি ব্যাট করো। শুধু ব্যাট করে যাও।’ স্মিথ বলেন, ‘আমি ব্যাটই করছি।’ লিটন বলে ওঠেন, ‘শুধু ব্যাটই করো।’ তখন স্মিথ জবাব দেন, ‘না, আমি যা চাই তা-ই করব। আমি যা চাই তা করতে পারি।’
স্মিথের সর্বশেষ ঘটনাটির পর ফক্স ক্রিকেটের বিশেষজ্ঞরাও একমত হয়েছেন, রিভিউ নিয়ে সম্ভাব্য সিদ্ধান্তের সময় ব্যাটার হিসেবে স্মিথের চুপ থাকা উচিত। অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটার মাইক হাসি বলেন, ‘স্টিভ স্মিথ ফিল্ডারদের বলছে, ‘রিভিউ নাও, নাও।’ আমিও এটা পছন্দ করছি না।’
তার সঙ্গে একমতা জানিয়ে ব্রেন্ডন জুলিয়ানও বলেন, ‘ব্যাটারের একেবারেই কিছু বলা উচিত নয়। অস্ট্রেলিয়া যদি বোলিং করত এবং প্রতিপক্ষের কোনো ব্যাটার তাদের এমনটা বলত, আমার মনে হয় না তারা বিষয়টি ভালোভাবে নিত। তারা তখন ওই ব্যাটারের ওপর চড়াও হতো।’
এএইচএস
