বিজ্ঞাপন

ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’

ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’

অস্ট্রেলিয়ান গণমাধ্যমের চোখে ‘মিনোজ’ বাংলাদেশ। এই তকমা তাদের মন থেকে মুছে দিতে সময় লাগেনি। ডারউইনে রেকর্ড সংখ্যক দর্শক হাজির হয়েছিল, সাক্ষী হয়েছে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের।

ওই ম্যাচে ৯ উইকেটে জিতে বাংলাদেশ বিশ্ব ক্রিকেট মহলে প্রশংসার জোয়ারে ভাসছে। তারই জেরে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বিতীয় টেস্ট নিয়েও আগ্রহ তুঙ্গে ছিল। আজ (শনিবার) ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় শুরু হয়েছে দ্বিতীয় ম্যাচ। চার দিন আগেই প্রথম দিনের সব টিকিট ‘চোখের পলকে’ বিক্রি হয়ে যায়। 

অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যুতে বাংলাদেশের প্রথম দিনের খেলা শেষে উত্তেজনা ছড়িয়েছে। ১৮ উইকেট পতনের দিনে মিচেল স্টার্ক ও শরিফুল ইসলাম ৬টি করে উইকেট নিয়েছেন। অজি পেসারের বোলিং তোপে পড়ে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। পরে শরিফুল বল হাতে তোপ দাগান। তাতে ৪১ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া, তারপর শেষ সেশনে আবারও তার আগুন ঝরানো বোলিংয়ে ৪ উইকেটে ১৪৫ রান করা দলটি ১৪৮ রানেই হারায় অষ্টম উইকেট।

দুই উইকেট হাতে রেখে ১০১ রানের লিড নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ম্যাচ কোনদিকে গড়াচ্ছে, তা এখনই বলা মুশকিল। তবে অস্ট্রেলিয়ার কাছ থেকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হারায়নি বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচেও উত্তেজনার আভাস মিলছে। আর তাই তো দ্বিতীয় দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ফেসবুকে জানায় এই তথ্য, ‘ম্যাকাইতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের জন্য জনসাধারণের সব টিকিট সোল্ড আউট।’ ১০ হাজার আসনের এই মাল্টি স্পোর্টস কমপ্লেক্সে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে দ্বিতীয় দিনের খেলাতেও।

এফএইচএম