টেস্ট ক্রিকেটে মার্নাস লাবুশেনের দুঃসময় যেন শেষই হচ্ছে না। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন না অস্ট্রেলিয়ার এই ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও অল্প রানে আউট হওয়ার পর একাদশে তার জায়গা নিয়েই এখন প্রশ্ন উঠছে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের কেউ কেউ তো সরাসরি তাকে দল থেকে বাদ দেওয়ার পক্ষে।
লাবুশেনের জন্য সময়টা তাই ক্রমেই কঠিন হয়ে উঠছে। একসময় অস্ট্রেলিয়ার টেস্ট দলের গুরুত্বপূর্ণ ব্যাটিং স্তম্ভ হিসেবে বিবেচিত এই ব্যাটার এখন নিজের জায়গা ধরে রাখার লড়াইয়ে। আর সাবেকদের কণ্ঠে যখন একের পর এক বাদ দেওয়ার দাবি উঠছে, তখন বাংলাদেশের বিপক্ষে এই টেস্টই হয়তো তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তার ব্যর্থতার পর সেই পুরোনো প্রশ্নটাই আবার সামনে এসেছে—আর কত সুযোগ পাবেন লাবুশেন?
চ্যানেল সেভেনকে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, ‘মার্নাসকে নিয়ে তারা (নির্বাচকেরা) যা করার চেষ্টা করছেন, তার প্রশংসা করি আমি। তাকে দলে রাখা এবং সেরা ফর্মে ফেরানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু সেটাও অনেক দিন হয়ে গেছে। আমি হলে এই সিরিজের শুরুতেই পরিবর্তন আনতাম। কারণ আমার মনে হয়, সেরা ফর্মে ফেরার জায়গা থেকে সে অনেক দূরে।’
লাবুশেনকে নিয়ে পন্টিংয়ের কথার চেয়েও কঠিন মন্তব্য এসেছে আরেক সাবেক অজি ব্যাটার মার্ক ওয়াহর কাছ থেকে। তার ধারণা, বাংলাদেশের বিপক্ষে এই টেস্টই অস্ট্রেলিয়ার হয়ে লাবুশেনের শেষ ম্যাচ হয়ে যেতে পারে। মার্ক ওয়াহর পরামর্শ, ট্রাভিস হেডকে আবার মিডল অর্ডারে ফিরিয়ে এনে নতুন একজন ওপেনার খুঁজে নেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে লাবুশেনের জায়গা নিয়েও সিদ্ধান্ত নিতে হবে অস্ট্রেলিয়াকে।
তিনি বলেছেন, ‘আমি মনে করি, ট্রাভিস হেডকে মিডল অর্ডারে ব্যাট করতে হবে। কিন্তু তা করতে গেলে আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে। এরপর আছে মার্নাস। সে আর কত সুযোগ পাবে? এই ম্যাচে সে হয়তো আর ব্যাট করার সুযোগ নাও পেতে পারে। সে নিশ্চয়ই চাইবে, যেন সুযোগ পায়। অস্ট্রেলিয়ার হয়ে এটাই হয়তো তার শেষ ম্যাচ।’
এইচজেএস
