পর্তুগাল ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির তরুণ ফুটবলার কুয়েভিন কাস্ত্রো খেলতে খেলতে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মালভেইরার এস্তাদিও দাস সেইজাসে এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে এক প্রীতি ম্যাচ চলার সময় মারা যান রিয়াল এসসির (চতুর্থ বিভাগ) ২৫ বছর বয়সী ফুটবলার।
ম্যাচের ১০ মিনিট পার হওয়ার পর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন কুয়েভিন। দুই ক্লাবের ডাক্তাররা দৌড়ে মাঠে ঢোকেন। ডেফিব্রিলেটর ব্যবহার করেন তারা। কিন্তু তাকে বাঁচানোর চেষ্টা বৃথা যায়। হাসপাতালে কুয়েভিনকে মৃত ঘোষণা করা হয়।
ইংল্যান্ডের ওয়েস্ট ব্রুমউইচ আলবিয়ন তাদের সাবেক খেলোয়াড়ের মৃত্যুতে জানিয়েছে, কুয়েভিনের ‘অকাল মৃত্যুর’ খবরে তারা বিধ্বস্ত। বার্নলির বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের ২৫তম মিনিটে করতালি দিয়ে তাকে শ্রদ্ধা জানানোর ঘোষণা দিয়েছে তারা। খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরেও মাঠে নামবেন।
এফএইচএম
