২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ শেষ হলো ১-১ সমতায়। যদিও শুরুটা ছিল সফরকারীদের অসাধারণ দাপুটে পারফরম্যান্সে। ডারউইনে অস্ট্রেলিয়ান ব্যাটারদের দাঁড়াতেই দেননি হাসান মাহমুদ, মেহেদি মিরাজরা। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে প্যাট কামিন্সের দল ইনিংস ও ৫১ রানের ব্যবধানে জিতেছে। দ্বিতীয় দিনের প্রায় আড়াইঘণ্টা বাকি থাকতেই শেষ হয় খেলা।
ম্যাকাইতে শুরু থেকেই বেশ সুইং-বাউন্স পেয়েছেন পেসাররা। যার পুরো সুবিধা নিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশি বোলাররাও সেটি কাজে লাগিয়েছেন। তবে জয় কিংবা লড়াইয়ের আশা ভেস্তে গেছে ব্যাটারদের ব্যর্থতায়। দুই দিনে শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে প্রশ্ন উঠলে সন্তুষ্টি প্রকাশ করলেন অজি অধিনায়ক কামিন্স, ‘মনে হচ্ছিল খেলাটা দ্রুতগতিতে এগোচ্ছে। পিচটা বেশ ভালো ছিল। এটাকে ঠিক ৩০ উইকেটের, পাঁচ সেশনের টেস্ট ম্যাচের মতো মনে হচ্ছিল না, কিন্তু আজকালকার কয়েকটি টেস্ট ম্যাচ এভাবেই এগোচ্ছে বলে মনে হচ্ছে।’
‘আমার মনে হয় ভালো পিচ ছিল। কিছুটা পেস ও বাউন্স ছিল। উইকেট অনেক ভালো এবং আজকে ভালো ব্যাটিংয়ের সহায়ক ছিল। কালকে বা চতুর্থ দিনে গিয়ে হয়তো উইকেট আরও খারাপ হতে পারত। মাঝে মাঝে বেশ ভালো বোলিং হয়েছে, আবার ব্যাটিংও ছিল গড়পড়তার নিচে। আমার নিজেরও একই দশা, তাই হয়তো খেলাটা একটু দ্রুতগতিতে এগিয়েছে’, আরও যোগ করেন কামিন্স।
বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে একপেশে হারের পর ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে এই গতিতারকা বলেন, ‘গত সপ্তাহে অনেক কিছুই ভুল হয়েছিল, কিন্তু এই কয়েক দিনে অনেক বিষয় আমাদের পক্ষে গেছে। আমাদের ঘুরে দাঁড়ানোটা জরুরি ছিল এবং ছেলেরা দারুণ খেলেছে। আমার মনে হয়েছে সবাই খুব তৎপর ছিল। গত সপ্তাহের ঠিক উল্টো চিত্র ছিল এটা। ম্যাচের প্রথম এক বা দুই ঘণ্টা যদি খুব ভালো কাটে, তবে তা পুরো ম্যাচের ভিত গড়ে দিতে পারে। প্রতি ম্যাচেই যে ২০ রানে ৬ উইকেট বা এমন কিছু পাব, তা আশা করা যায় না। তবে শুরুটা দারুণ ছিল এবং এরপর আমরা আর ছন্দ হারাইনি।’

বল হাতে দুই ইনিংস মিলিয়ে মিচেল স্টার্ক ১০ উইকেট এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিন ম্যাকাইয়ের প্রথম ইনিংসে ৬৭ রান করেন। সতীর্থদের প্রশংসা করে কামিন্স জানান, ‘ওর (গ্রিন) জন্য আমি সত্যিই খুব খুশি। গতকাল এবং আজ সকালেও ও আমাদের ইনিংসকে ধরে রেখেছিল। আশা করি, এই পারফরম্যান্স থেকে ও অনেক আত্মবিশ্বাস পাবে। আমরা জানি ও কতটা ভালো। টেস্ট ক্রিকেটে ও এখন ধারাবাহিকভাবে দারুণ খেলছে। আর মিচেল স্টার্ক শুরুর দিকেই আমাদের জন্য ম্যাচটা সহজ করে দিয়েছিল। তার গড়ে দেওয়া ভিতে ভর করেই আমরা এগিয়েছি।’
এএইচএস
