সবশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। দীর্ঘ ২৩ বছর পর এবার দুই ম্যাচের টেস্ট খেলতে যায় নাজমুল হোসেন শান্তর দল। ৯ উইকেটের জয়ে শুরু। তবে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে আজ হেরেছে বাংলাদেশ দল।
হারের পর অধিনায়ক শান্ত জানালেন এত বছর পর খেলা সহজ ছিল না, ‘এখানে আমরা ২৩ বছর পরে এসেছি। এমন কন্ডিশনে এই বোলিং আক্রমণের বিরুদ্ধে এত বছর পর খেলা সহজ নয়। যদি আমরা নিয়মিত আসতে পারতাম তাহলে খেলোয়াড়রা মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলতে পারত। ৯০% প্লেয়ার এখানে আগে খেলেনি। ফলে তারা জানে না কীভাবে মানিয়ে নিয়ে এমন বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলতে হয়। আমরা চাই এমন কন্ডিশনে নিয়মিত খেলতে, ২৩ বছর বা ২৫ বছর পরপর নয়।’
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলার অভিজ্ঞতা হলো সব ক্রিকেটারের। সামনের বছর ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। সেখানে এই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ, বললেন টেস্ট অধিনায়ক, ‘অনেক কিছুই। পেস এন্ড বাউন্স অনেক চ্যালেঞ্জ ছিল। এই অভিজ্ঞতা অবশ্যই কাজে দেবে। তাদের বোলিং আক্রমণ দারুণ মানসম্পন্ন ছিল। চেষ্টা করব উন্নতি করতে। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে এই অভিজ্ঞতা কাজে দেবে।’
অস্ট্রেলিয়া সিরিজ থেকে শেখার দাবি শান্তর, ‘প্রথমবার ২ দিনে খেলা শেষ হয়েছে এরকম নয়। এখানে অনেকবারই এভাবে ২ বা ৩ দিনে খেলা শেষ হয়েছে। এটা হতেই পারে। দল হিসেবে আমাদের ধারাবাহিক হতে হবে যদি সামনে আগাতে চাই। ব্যাটিংয়ে আমাদের ঠিকভাবে আগাতে হবে, কারণ বোলাররা ভালো করে যাচ্ছে। আমাদের আরও শিখতে হবে যে কীভাবে ভালো ক্রিকেট খেলে যেতে পারি। এমন অভিজ্ঞতা আগেও হয়েছে আমাদের। এই অভিজ্ঞতা সামনে আগাতে কাজে দেবে।’
এসএইচ/এফএইচএম
