৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। কলকাতার সল্টলেক ভেন্যু পরিদর্শন করেছে ব্রাজিলের প্রতিনিধি দল। তারা কলকাতা থেকে ব্রাজিল যাওয়ার পথে আকস্মিক ঢাকায় এসেছেন। আজ বিকেলে ব্রাজিল ফেডারেশনের পাঁচ জন কর্মকর্তা জাতীয় স্টেডিয়ামে পরিদর্শন করেছেন।
বিকেল তিনটার দিকে তারা জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন। মাঠের ঘাস, ড্রেসিংরুম, মিডিয়া বক্স,গ্যালারি সব কিছু পরিদর্শন করেছেন৷ এমনকি ডাগ আউটের ও গ্যালারির চেয়ারে বসেও দেখেছেন। আধ ঘন্টার বেশি সময় তাদের সঙ্গে ছিলেন বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন ও বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
ব্রাজিল প্রতিনিধি দল বিমানবন্দর থেকে সরাসরি স্টেডিয়ামে এসেছে। এখান থেকে হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে রাতেই বাংলাদেশ ত্যাগ করবে। সন্ধ্যায় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করতে পারে ব্রাজিল জাতীয় দলের প্রশাসনিক কর্মকর্তারা।

ব্রাজিল দলের পরিদর্শন শেষে ইকবাল সাংবাদিকদের বলেন, 'তারা বাংলাদেশে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ম্যাচ খেলতে চায়। এমনকি বাংলাদেশের বিপক্ষেও খেলার আগ্রহ রয়েছে।' ৩ অক্টোবর ভারতের বিপক্ষে খেলার আগে ঢাকায় অনুশীলন করার কোনো সুযোগ আছে কি না? এমন প্রশ্নে ইকবালের জবাব, 'তারা এই বিষয়ে কিছু বলেনি। মাঠ ও স্টেডিয়ামের পরিবেশ দেখে তাদের ফেডারেশনে জানাবে। প্রয়োজনে মাঠ আরেকটু প্রস্তুত হলে আরেকবার আসতে চেয়েছে।'
ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়া থেকে ভারত যাওয়ার আগে বাংলাদেশে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ৩০ সেপ্টেম্বর কিংবা ১ অক্টোবর ঢাকায় অনুশীলন করে ভারত যায় কি না সেই গুঞ্জন রয়েছে। নাকি ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে খেলবে সেটা কিছু দিন পর স্পষ্ট হওয়া যাবে।
এজেড/এইচজেএস
