বিজ্ঞাপন

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

বর্তমান সময়ের টেস্ট ক্রিকেটারদের থেকে নিজের সেরা একাদশ বেছে নিয়েছেন চেতেশ্বর পূজারা। ভারতীয় ব্যাটারের পছন্দের সেই দলে জায়গা পেয়েছেন ভারতের পাঁচ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার চারজন। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে একজন করে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত পাঁচ নম্বরে থাকলেও নিজের দেশের ক্রিকেটারদের ওপরই বেশি আস্থা রেখেছেন পূজারা।

‘ক্রিকইনফো’-র একটি ভিডিওতে নিজের পছন্দের একাদশ জানিয়েছেন পূজারা। তার দলে ওপেনার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম ও ভারতের লোকেশ রাহুল। এরপর মিডল অর্ডারে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ইংল্যান্ডের জো রুট।

পাঁচ নম্বরে পূজারার পছন্দ ভারতের অধিনায়ক শুবমান গিল। উইকেটরক্ষকের দায়িত্বে রেখেছেন ঋষভ পান্থকে। তার একাদশে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড কিংবা দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমার। অন্য কোনো দেশের উইকেটরক্ষকও পান্থকে টপকাতে পারেননি।

অলরাউন্ডার হিসেবে পূজারার পছন্দ ভারতের রবীন্দ্র জাদেজা ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। বেন স্টোকসকে দলে রাখার ইচ্ছা থাকলেও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অবসর নেওয়ায় তাকে বিবেচনায় রাখেননি। দলে একাধিক অধিনায়ক থাকায় আলাদা করে কাউকে অধিনায়কও বেছে নেননি তিনি।

বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। পেস আক্রমণে ভারতের জাসপ্রীত বুমরাহর সঙ্গে অস্ট্রেলিয়ার জশ হেজলউড। মিচেল স্টার্কের পরিবর্তে হেজলউডকে বেছে নেওয়ার কারণ হিসেবে বলেছেন লাইন ও লেংথে হেজলউডের ধারাবাহিকতা বেশি।

সব মিলিয়ে পূজারার একাদশে ভারত ও অস্ট্রেলিয়ার আধিপত্যই স্পষ্ট। ভারতের পাঁচজন ও অস্ট্রেলিয়ার চারজনের সঙ্গে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। তবে পূজারার একাদশে নেই নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ কিংবা ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার।

এইচজেএস