রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারালেও একপ্রান্তে আপনতালে খেলতে থাকেন সাব্বির রহমান রুম্মন, তুলে নেন ফিফটিও। তাতেই হোবার্ট হ্যারিকেন্স একাডেমিকে ৩ উইকেটে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ এইচপি ক্রিকেট দল। শুরুতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান করে হোবার্ট। জবাবে ২ বল হাতে রেখে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ এইচপি দলের। দুই ওপেনার ফিরেছেন দ্রুতই। ৪ রানে হাবিবুর রহমান সোহান ও ৯ রানে জিসান আলম আউট হন। আর ৪ রান করেন আরিফুল হক। দলনেতা ইরফান শুক্কুরের ব্যাট থেকেও আসে ৪ রান।
পঞ্চম উইকেটে শামীম পাটেয়ারীকে নিয়ে ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন সাব্বির রহমান। তাতেই জয়ের ভিত পায় বাংলাদেশ। ২৪ বলে ১৬ রানে থামে শামীমের ইনিংস। এদিকে ফিফটি পূরণ করেন সাব্বির রহমান। আউট হওয়ার আগে করেন ৫৯ রান। এদিকে ১৩ রান আসে এসএম মেহরবের ব্যাট থেকে।
এরপর জয় নিয়ে মাঠ ছাড়েন আব্দুল গাফফার সাকলাইন ও আবু হায়দার রিন। ১৯ রানে সাকলাইন ও ৮ রানে রনি অপরাজিত থাকেন।
এর আগে ডারউইনে টস জিতে হোবার্টকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ এইচপি’র অধিনায়ক ইরফান শুক্কুর। শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়ার দলটি। ৪ বলে ৬ রানে জ্যাক ডোরেন ও ৫ বলে ৭ রানে রাধাকৃষ্ণা আউট হন। আর ১৭ রানে সাজঘরের পথ ধরেন ব্র্যাডলি হোপ।
এরপর একের পর এক উইকেট হারাতে থাকলেও একাই ইনিংস টানতে থাকেন ত্যাগ উইলি। ফিফটি পূরণের পর ৭৮ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া দলনেতা টিম ওয়ার্ড ১৫ রান করেন। আর ১১ রান করেন রাফ ম্যাকমিলান।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মোহাম্মদ রুবেল। দুটি উইকেট নেন রিপন মণ্ডল। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন আবু দায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন।
এমএমএম
