গল টেস্টের পর কলম্বোতেও সেঞ্চুরির দেখা পেলেন ভারতীয় ব্যাটার দেবদূত পাড্ডিক্যাল। তার সেঞ্চুরি এবং দলনেতা শুভমান গিলের ফিফটিতে নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথেই রয়েছে ভারত। কলম্বো টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩০০ রান করেছে সফরকারীরা। দ্বিতীয় দিনের খেলায় আবারও ব্যাট করতে নামবে তারা।
শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুভমান গিল। ওপেনিং জুটিতে আসে ৩৭ রান। ৩৩ বলে ১৮ রান করে সাজঘরের পথ ধরেন ওপেনার লোকেশ রাহুল। আরেক ওপেনার জশস্বী জয়সওয়াল আউট হওয়ার আগে করেন ৫৩ বলে ৪৫ রান।
তৃতীয় উইকেটে দলনেতা শুভমান গিলকে নিয়ে ইতিবাচক ব্যাট করতে থাকেন দেবদূত পাড্ডিক্যাল। দুজন মিলে গড়েন ১২০ রানের জুটি। ফিফটি পূরণ করেন গিল। এরপর ইনিংসটি আর বড় করতে পারেননি। ব্যক্তিগত ৫০ রানে আসিথা ফার্নান্দোর করা বলে নিকোশান ডিকভেলার হাতে তালুবন্দি হন তিনি। আর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে মাত্র ৩ রান করেন ঋষভ পন্ত।
এদিকে ব্যক্তিগত ফিফটিতে শতকে রূপ দেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পাড্ডিক্যাল। তার ইনিংস থামে ১১৭ রানে। ১৯৩ বলে খেলা এই অনবদ্য ইনিংসটি ১২টি চারে সাজানো। ৮৩ বলে ৪৩ রান করে আউট হন রবীন্দ্রো জাদেজা।
এরপর ধ্রুব জুরেল ও সারাংশ জেইন মিলে দিন শেষ করেন। ৭ রানে জুরেল ও ৪ রানে জেইন অপরাজিত থাকেন।
প্রথম দিনে লঙ্কানদের সবচেয়ে সফল বোলার আসিথা ফার্নান্দো। ১৫ ওভার বল করে ৪৬ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। আর একটি করে উইকেট পেয়েছেন লাহিরু কুমারা ও কেশারা নুয়ান্থা।
এমএমএম/
