দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমটা শুরু করল ব্রাইটন। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে অ্যাস্টন ভিলাকে পাত্তাই দিল না তারা। ম্যাচটিতে তারা জিতেছে ৪-০ গোলের বিশাল ব্যবধানে। আর এই জয়ের ফলে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকছে ব্রাইটন।
আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দাপুটে ফুটবল খেলতে থাকে ব্রাইটন। শুরু থেকেই চালাতে থাকে একের পর এক আক্রমণ। সেই সুবাদে ম্যাচের অষ্টম মিনিটেই আসে প্রথম গোল। যদিও গোলটি ছিল আত্মঘাতী। নিজেদের জালে নিজেই বল জড়ান অ্যাস্টন ভিলার ফুটবলার ভিক্টর লিন্দেলোফ।
এর ঠিক দশ মিনিট পর আসে দ্বিতীয় গোলটি। দলের হয়ে মৌসুমের প্রথম গোলটি করেছেন ম্যাক্সিম ডে কুইপার।
প্রথমার্ধে আসে আরও দুই গোল। মাত্র দুই মিনিটের ব্যবধানে গোল দুটি করেছেন দলের ইংলিশ মিডফিল্ডার জ্যাক হিনসেলউড। ৩১তম মিনিটে নিজের প্রথম গোল দলের হয়ে তৃতীয় গোলটি করেন তিনি। আর পরের মিনিটিতেই নিজের দ্বিতীয় গোল করার মাধ্যমে অ্যাস্টন ভিলার জালে এক হালি গোল নিশ্চিত করেন তিনি।
দ্বিতীয়ার্ধে দুদলই একের অপরের অর্ধে বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে। কিন্তু দ্বিতীয়ার্ধে আসেনি কোনো গোল। ফলে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাইটন।
এমএমএম/
