বিজ্ঞাপন

কিংস অ্যারেনাতেও ব্রাজিল প্রতিনিধি দল, নিষেধাজ্ঞা কমছে কিংসের

কিংস অ্যারেনাতেও ব্রাজিল প্রতিনিধি দল, নিষেধাজ্ঞা কমছে কিংসের

ব্রাজিল ফেডারেশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল আজ দুপুরে ঢাকায় এসেছে। বিমানবন্দরে নেমে সরাসরি জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে। এরপর হোটেলে কিছুটা সময় বিশ্রাম নিয়ে বসুন্ধরা কিংস অ্যারেনার ভেন্যুও পরিদর্শন করেছে সন্ধ্যায়। সেখানকার সুযোগ-সুবিধাও তারা পর্যবেক্ষণ করেছেন।

বাংলাদেশের একমাত্র ফুটবল ক্লাব হিসেবে বসুন্ধরা কিংসের নিজস্ব স্টেডিয়াম রয়েছে। জাতীয় স্টেডিয়াম সংস্কারের সময় এটিই ছিল বাংলাদেশের ফুটবলের প্রধান ভেন্যু। ক্লাব ও জাতীয় দলের অনেক আর্ন্তাজিতক ম্যাচ বিগত পাচ বছরে এই কিংস অ্যারেনায় হয়েছে। মাঠ থেকে গ্যালারীর দূরত্ব খুব কম হওয়ায় দর্শকরা খেলোয়াড়দের কাছাকাছি গেছেন বেশ কয়েকবার।

এতে ফিফার অনেক জরিমানার শিকার হয়েছে বাফুফে। ব্রাজিলের মতো দল কিংস অ্যারেনায় অনুশীলন করলে সেই শঙ্কা খানিকটা থেকে যায় যদি দর্শকদের অনুশীলন দেখার সুযোগ থাকে। উন্নয়নশীল দেশে বড় দলগুলোর অনুশীলনের টিকিটও চড়া দামে বিক্রি হয়। ২০১১ সালে আর্জেন্টিনার অনুশীলন টিকিটও ছিল সোনার হরিণ।

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর আগে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ায় আরও দুই ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়া থেকে ম্যাচ খেলে আসার পথে বাংলাদেশে এক দিনের জন্য অনুশীলন করতে ভিনিসুয়াস জুনিয়ররা আসতে পারেন এমন গুঞ্জন রয়েছে ফুটবলাঙ্গণে।

তবে বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেনের তথ্য মতে, বাংলাদেশে নিরপেক্ষ ভেন্যু কিংবা বাংলাদেশের বিপক্ষেও খেলার পরিকল্পনা থেকেই তাদের এই ভ্রমণ। যদিও বাংলাদেশ সেপ্টেম্বরে আসিয়ান কাপ খেলবে ইন্দোনেশিয়ায়। নভেম্বেরে সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী মার্চ ছাড়া নতুন উইন্ডো নেই।

বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বিদেশি কোচ-ফুটবলারদের পাওনা পরিশোধ না করায় তাদের ১৪ ফিফা নিষেধাজ্ঞা হয়েছিল। সেটা কমতে কমতে এখন পাঁচে দাড়িয়েছে। বাফুফে ২৮ আগস্ট ক্লাব লাইসেন্সিংয়ের শেষ ডেডলাইন দিয়েছে। এই সময়ের মধ্যে কিংসের বাকি পাচ নিষেধাজ্ঞা উঠাতে হবে সামনের মৌসুমে খেলতে হলে।

এজেড/এমএমএম