বিজ্ঞাপন

এসএ গেমস পেছাল এক সপ্তাহ, এশিয়ান গেমসে যাওয়া হচ্ছে না কলির

এসএ গেমস পেছাল এক সপ্তাহ, এশিয়ান গেমসে যাওয়া হচ্ছে না কলির

দক্ষিণ এশিয়ার অলিম্পিক হিসেবে খ্যাত এসএ গেমস। ২০১৯ সালে কাঠমান্ডুর পর আর হয়নি। সাত বছর পর আবার গেমস আয়োজনের তোড়জোড় চলছে। আজ ইসলামাবাদে সাউথ এশিয়ান অলিম্পিক কমিটির সভায় গেমসের নতুন দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।

ইসলামাবাদ থেকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, '৩-১১ এপ্রিল গেমসের সূচি নির্ধারিত হয়েছে। পাকিস্তান গেমস আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এক সপ্তাহ গেমস পেছানো হয়েছে ভারত ও মালদ্বীপের অনুরোধে। অন্যরা সবাই এতে সম্মত হয়েছে।' ভারত-পাকিস্তান বৈরীতা রয়েছে। এই সময়ে পাকিস্তানে এসএ গেমসে খেলতে ভারতের কন্টিনজেন্ট যাবে কি না তা বড় প্রশ্ন। এ নিয়ে বাংলাদেশ মহাসচিবের মন্তব্য, 'ভারতের অলিম্পিকের সভাপতি পিটি উষা আজ অনলাইনে ছিলেন। তারা এখন পর্যন্ত গেমসের সকল আলোচনায় থাকছেন স্বতঃস্ফূর্তভাবে বাকিটা অবশ্যই তাদের সরকারের সিদ্ধান্তের ওপর।'

ফয়সালাবাদ, লাহোর ও করাচি তিন শহরে গেমস আয়োজন করতে চায় পাকিস্তান। রাজধানী ইসলামাবদে উদ্বোধন ও লাহোরে সমাপনী অনুষ্ঠানের পরিকল্পনা। তিন ভেন্যুর মধ্যে ফয়সালাবাদে তিন ডিসিপ্লিন, ইসলমাবাদে ১৫ আর বাকি দশ ডিসিপ্লিন লাহোরে। গত সাত বছর পাকিস্তান এই গেমস আয়োজন করতে পারেনি। এবার আয়োজনে বদ্ধ পরিকর বললেন বাংলাদেশ অলিম্পিকের মহাসচিব, 'তাদের ভেন্যু প্রস্তুত এবং গেমসের জন্য হ্যান্ডবুক প্রকাশের অপেক্ষায়। আমরা বলেছি অন্তত মাস চারেক আগে হ্যান্ডবুক পাঠাতে। তখন আমরা আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করতে পারব।'

১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়ায় এশিয়ান গেমস অনুষ্ঠিত হচ্ছে। ২৭ ফেডারেশনের কমিটি রদবদল হওয়ায় কোচ-কর্মকর্তা-খেলোয়াড় নামও রদবদল হচ্ছে। সেই জটিলতা অনেকটা নিরসনের পথে। হকির জিমি, মিমো, কোচ পিটারের সমস্যা সমাধানের পথে থাকলেও শুটার কামরুন নাহার কলি এশিয়াডে যেতে পারছেন না। এ নিয়ে ফেডারেশনের যুগ্ম সম্পাদক শারমিন আক্তার রত্না বলেন, 'পরিবর্তিত তালিকায় অনেকে অর্ন্তভূক্ত হচ্ছে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ শুটার কলির জন্য আবেদন করেছিলাম সেটা হচ্ছে না। কারণ শুটিংয়ে শুটারদের রাইফেলের জন্য আলাদা পারমিশন ও আনুষ্ঠানিকতা প্রয়োজন। এগুলো সময়সাপেক্ষ হওয়ায় সেরা নারী শুটার হয়েও কলি যেতে পারছে না।'

কামরুন নাহার কলি বাংলাদেশের সেরা নারী শুটার। বিগত কমিটির রোষানলের কারণে তিনি নিষিদ্ধ ছিলেন। নতুন কমিটি আসার পর তাকে ফেরালেও ঐ কমিটি থাকতে খেলোয়াড় নাম নিবন্ধন সময় শেষ হয়। ফলে এই কমিটি এসে কলিকে নেয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারছে না। 

এজেড/এইচজেএস