বিজ্ঞাপন

শুরু হচ্ছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

শুরু হচ্ছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি আয়োজন করছে দুই সপ্তাহব্যাপী স্পোর্টস কার্নিভাল-২০২৬। বিএসপিএ স্পোর্টস কার্নিভালে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’। এ উপলক্ষে রবিবার ২৩ আগস্ট বিকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত ছিলেন বিএসপিএ’র সহ-সভাপতি তালহা বিন নজরুল, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল।

আগামী ২৫ আগস্ট মঙ্গলবার ক্রীড়া লেখক সমিতিতে এই ক্রীড়া উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবার ৮ স্পোর্টস ডিসিপ্লিনের ১২ ইভেন্টে অংশ নিচ্ছেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ডিসিপ্লিনগুলো হলো আর্চারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (১০০ মিটার ও শটপুট), কার্ড গেম (কলব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং। সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া’র ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী। 

এজেড/এইচজেএস 

বিজ্ঞাপন