বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি

বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি

প্রথম ম্যাচ জয়ের পর ম্যাকাই টেস্টে বাংলাদেশ হেরেছে দুই দিনে, সঙ্গে ইনিংস ব্যবধানে হার। সিরিজ শেষ হয়েছে ১-১ ব্যবধানে ড্র হয়ে। দুই দিনে ম্যাচ শেষ হলেও তৃতীয় দিনে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন অজি উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। সেখানে ছিল শরিফুল ইসলামের প্রশংসা।

সংবাদ সম্মেলনে ক্যারি বলেছেন, ‘ওয়ানডে সিরিজে তাকে আমরা দেখেছিলাম। সে (শরিফুল) ঢাকায় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৬ উইকেট নিয়েছিল। এখানে এসেও একই কাজটা করেছে। সে দারুণ বোলিং করেছে। বাংলাদেশের সব পেসারই এই সিরিজে অনেক ভালো বল করেছে। শরিফুল নিজের বোলিংয়ের পুরস্কারটা পেয়েছে প্রথম দিনেই। সিরিজজুড়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। প্রথম ইনিংসে আমাদের ব্যাটাররা ২০০+ রান করে ভালো লিড এনে দিয়েছিল। হ্যাঁ, শরিফুল অনেক ইম্প্রেসিভ ছিল।’

২ দিনে ম্যাচ শেষ হওয়া প্রসঙ্গে ক্যারি জানিয়েছেন, ‘আসলে দারুণ টেস্ট ম্যাচ ছিল। আমার টেস্টের পঞ্চম দিনের অনেক ভালো স্মৃতিও আছে, আবার ২ দিনের টেস্ট ম্যাচেও ভালো স্মৃতি আছে। ভিন্ন কিছু নয়। আমাদের কাজ পারফর্ম করে ম্যাচ জেতা। ২ দিন হোক ৩ বা ৪ দিন হোক, আমরা খুশি।’

ডারউইন টেস্টের বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানো নিয়ে ক্যারি বলেন, ‘আসলে আমার পয়েন্ট অব ভিউ হচ্ছে, আমরা প্রথম টেস্টে সব দিকেই আউটপ্লেড হয়েছিলাম। এখানে বাউন্স ব্যাক করেছি এবং কাজটা ভালোভাবে শেষ করেছি। ২০০+ রান করেছি, আরও বেশি করতে পারতাম। আমরা এগুলো বুঝতে পারছি। বোলিং অনেক ভালো হয়েছে। পরের টেস্টের আগে মাঝে সময় আছে কিছুটা, এক মাসের মত। সবাই উন্নতি করতে চায়।’

‘দল নিয়ে পরিবর্তনের ব্যাপারে নির্বাচকরা ভাবছেন, এ ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। অস্ট্রেলিয়ান গ্রুপ হিসেবে প্রথম টেস্ট ম্যাচের পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি তা নিয়ে গর্বিত। প্রথম টেস্টে বাংলাদেশ অনেক ভালো একটি টেস্ট ম্যাচ খেলেছিল, এখানে আমরা বাউন্স ব্যাক করেছি।’

অ্যালেক্স ক্যারি আরও বলেছেন, ‘আগস্ট মাসে অস্ট্রেলিয়াতে টেস্ট ম্যাচ খেলা দারুণ। আগে হয়ত এমন সময়ে বিদেশে খেলা হত। এবার দেশে খেলেছি। দারুণ কিছু ভেন্যু, ডারউইন দারুণ স্টেডিয়াম ছিল। এখানের পিচও বেশ ভালো ছিল। আশা করি সামনে আরও সাদা বলের ম্যাচ হবে এখানে।’

শেষ দিকে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসাও করেছেন ক্যারি। সামনে আরও খেলার আশাও করছেন তিনি, ‘দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ ছিল। সবার মাঝে ভালো স্পিরিট ছিল। বেশ ভালো লড়াই হয়েছে গত কয়েক মাসে। ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট মিলিয়ে ভালো লড়াই হয়েছে বাংলাদেশের বিপক্ষে। আশা করছি সামনে বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট ম্যাচ খেলা হবে। আমরা তাদের বিরুদ্ধে আরও বেশি সিরিজ খেলতে পছন্দ করব। এছাড়া ম্যাচ শেষে তাদের সাথে দারুণভাবে আলাপ করতে পেরেও বেশ ভালো লেগেছে।’

এসএইচ/এমএমএম