গতকাল বাংলাদেশে এসেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শনের পাশাপাশি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ নিয়ে বাফুফে আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছে।
বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্বাক্ষরিত বিবৃতিতে ব্রাজিল কর্মকর্তারা জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংসের মাঠের মান নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে ড্রেসিংরুম, টেকনিক্যাল রুম, স্টেডিয়ামের আসা যাওয়ার পথে নিরাপত্তা গেটের অবকাঠামো উন্নয়ন আরও প্রয়োজন বলে তারা মনে করেন। সেটাও স্বল্প সময়ে সম্ভব বলে মনে করেন তারা।
ব্রাজিল প্রতিনিধি দল গতকাল ঢাকা ছেড়েছে। তারা ব্রাজিল ফেডারেশনকে রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে ব্রাজিল ফেডারেশন বাফুফের সঙ্গে যোগাযোগ করবে। ব্রাজিল ও বাংলাদেশ দুই ফেডারেশন সামনে আনুষ্ঠানিক সভা করবে। সেখানে বাংলাদেশকে ব্রাজিলে খেলার আমন্ত্রণ এবং বাংলাদেশে নিরপেক্ষ ভেন্যু করার বিষয়ে আলোচনা করবে।
আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির আগে বাফুফে নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন সাংবাদিকদের বলেন, ‘আমাদের সভাপতির সঙ্গে গতকাল বেশ ইতিবাচক আলোচনা হয়েছে। দুই ফেডারেশন এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ করবে সামনে।’
ব্রাজিল ৬ অক্টোবর ঢাকায় খেলার পরিকল্পনা করছে। সেই ম্যাচ আয়োজন করতে অনেক অর্থ প্রয়োজন। এ নিয়ে শাহীন বলেন, ‘ভালো কোনো উদ্যোগের জন্য অর্থ তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমাদের সভাপতি নিশ্চয়ই পদক্ষেপ নেবেন। ক্রীড়ামন্ত্রী ও সরকারের পক্ষ থেকেও সহায়তা নেওয়া হবে। এ রকম ম্যাচ করতে হলে সরকারের সহায়তা নিয়েই করতে হবে।’
এজেড/এফএইচএম
