ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের বিলাসবহুল চেশায়ার ম্যানসনের জন্য এখনও ক্রেতা খুঁজছেন পল পগবা। যেভাবেই হোক বাড়িটি বিক্রি করতে চান তিনি। এজন্য প্রথমে যে দাম চেয়েছিলেন, তার চেয়ে ৫ লাখ ২০ হাজার ইউরো (৭ কোটি ৪৩ লাখ টাকা) কমিয়েছেন ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড।
বর্তমানে কোনো ক্লাবে নেই পগবা। সম্প্রতি মোনাকো তার সঙ্গে চুক্তির সম্পর্ক চুকিয়ে ফেলেছে। ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পগবা শুরুতে বাড়িটি বিক্রির জন্য দাম চেয়েছিলেন ৪.৫৬ মিলিয়ন ইউরো, সেটা এখন ৪.০৪ মিলিয়ন ইউরোতে নেমেছে।
পগবা ২০১৭ সালে বাড়িটি কিনেছিলেন। ৬৯০ বর্গমিটারজুড়ে অবস্থিত এই বাড়িতে রয়েছে পাঁচটি বিশাল বেডরুম, একটি সিনেমা রুম, অত্যাধুনিক প্রযুক্তিসহ একটি জিম এবং একটি ট্রিটমেন্ট রুম। এমনকি ফুটবলের অনুশীলনের জন্য একটি ইনডোর মাঠও রয়েছে।
এই বিলাসিতার আড়ালে রয়েছে পগবার জীবনে ঘটে যাওয়া এক বেদনাদায়ক স্মৃতি। ২০২২ সালে যখন তিনি ম্যানইউর হয়ে চ্যাম্পিয়নস লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিলেন, তখন এই বাড়িতে চোর ঢুকে পড়েছিল।
ঘটনার সময় বাড়িতেই ঘুমিয়ে ছিল তার সন্তানেরা। পগবা ওই ঘটনাকে তার পরিবারের জন্য ‘বাজে দুঃস্বপ্ন’ আখ্যায়িত করেছেন। সেই ভয়াবহ রাতের স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছে বাড়িটি।
বাড়ি বিক্রির সঙ্গে পগবার চিন্তা এখন নতুন ঠিকানা নিয়ে। তার মোনাকো অধ্যায় শেষ হয়েছে আগেভাগে। জানা গেছে, মেজর লিগ সকারের ক্লাব তার সঙ্গে চুক্তি করতে চায়। বাড়িটা বেচতে পারলে এবং নতুন কোনো ক্লাব পেলেই যেন স্বস্তি মিলবে এই তারকা ফরোয়ার্ডের।
এফএইচএম
