বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেন কোহলির ‘শত্রু’

ভারতের বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেন কোহলির ‘শত্রু’

আফগানিস্তান ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। দলে বড় চমক নাভিন উল হকের ফেরা। প্রায় দুই বছর আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন এই ২৬ বছর বয়সী ফাস্ট বোলার। ভারতীয় ক্রিকেট ভক্তদের মাঝে নাভিন অন্য কারণে বেশ পরিচিত—ভারতীয় ক্রিকেট লিজেন্ড বিরাট কোহলির সঙ্গে শত্রুতা। 

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে কোহলি ও নাভিনের শত্রুতা নতুন মাত্রা পায়। কোহলি এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তাই ভারতের বিপক্ষে আফগান বোলার যদি একাদশে থাকেন, নিশ্চয় তার সঙ্গে ভারতীয় ব্যাটিং তারকার প্রতিদ্বন্দ্বিতা মিস করবেন। 

২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন নাভিন। তারপর থেকে আর জাতীয় দলে খেলা হয়নি। ২০২৩ সালের বিশ্বকাপ শেষে মাত্র ২৪ বছর বয়সে ওয়ানডে থেকে অবসর নেন তিনি। ইনজুরির কারণে গত বছর এশিয়া কাপ ও এই বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা হয়নি।

Virat Kohli started the fight, caught my hand forcefully ...

এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে নেতৃত্ব শুরু করছেন ইব্রাহিম জাদরান। বোলিং বিভাগ ও মিডল অর্ডারে শক্তি বাড়াতে ফেরানো হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইবকে। ১৫ জনের দলে আছেন চার স্পিনার রশিদ খান, মোহাম্মদ নবি, নুর আহমেদ ও নানগিয়াল খারোটি। 

আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর হবে তিন ম্যাচ। দিল্লিতে সব ম্যাচ হলেও আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নিজ মাঠেই অ্যাওয়ে সিরিজ খেলতে হবে ভারতকে।

আফগানিস্তান স্কোয়াড: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নুর রহমান (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগিয়াল খারোটি, নুর আহমেদ, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, আব্দুল্লাহ আহমাদজাই ও নাভিন উল হক।

এফএইচএম