বিজ্ঞাপন

জুরেলের সেঞ্চুরিতে ভারতের রানপাহাড়, ব্যাটিংয়ে নেমেই বিপদে শ্রীলঙ্কা

জুরেলের সেঞ্চুরিতে ভারতের রানপাহাড়, ব্যাটিংয়ে নেমেই বিপদে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনের খেলা শেষেই কলম্বো টেস্টের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে ফেলেছে ভারত। সোমবার ধ্রুব জুরেলের অপরাজিত সেঞ্চুরিতে ৯ উইকেটে ৫০৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে তারা। তারপর তিন ওভারের মধ্যে শ্রীলঙ্কার দুটি উইকেট তুলে নিয়েছে তারা। স্বাগতিকরা দিন শেষ করেছে ২ উইকেটে ৮ রান তুলে।

শ্রীলঙ্কা ৪৯৫ রানে পিছিয়ে। বৃষ্টিবিঘ্নিত দিনে তৃতীয় স্লিপে যশস্বী জয়সওয়ালের চমৎকার ডাইভিং ক্যাচে ফিরে যান ওপেনার লাহিরু উদারা (১)। নাইটওয়াচম্যান হিসেবে এসেছিলেন প্রবাথ জয়াসুরিয়া। তিনি মাত্র সাত বল টিকে ছিলেন। লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি। আলোর স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ওটাই ছিল দিনের শেষ বল।

বৃষ্টির কারণে মাত্র ৫৬ ওভার খেলা সম্ভব হয়েছে। তবে দিনটা ছিল ধ্রুব জুরেলের। তার দ্বিতীয় টেস্ট শতকে ম্যাচ ভারতের হাতের মুঠোয়। ডানহাতি ব্যাটার শ্রীলঙ্কার বোলারদের সামনে বুক চিতিয়ে লড়াই করেছেন। কিছু দারুণ জুটিতে ভারতের রান পাঁচশ পার করেন তিনি।

৫ উইকেটে ৩০০ রানে ভারত প্রথম দিন শেষ করেছিল। এদিন বাহুতে আঘাত পেয়ে তিন রানে রিটায়ার্ড হার্ট হওয়া রিশাভ পান্ত দ্বিতীয় দিন খেলতে নামেন এবং সপ্তম উইকেটে জুরেলের সঙ্গে ১১২ রানের শক্ত জুটি গড়েন। শরীরে বেশ কিছু মারাত্মক আঘাত সত্ত্বেও তিনি আক্রমণাত্মক ইনিংস খেলেন। তার ৬৩ রানের ইনিংসে ছিল ছয় চার ও দুটি ছয়। একটি ছয় তো মাঠসংলগ্ন টেনিস কোর্টে পড়ে হারিয়ে গিয়েছিল। আম্পায়ার রিপ্লেসমেন্ট বল চাইতে বাধ্য হন।

লাঞ্চের পর প্রথম বলে পান্ত আউট হন। লং অফ দিয়ে বল বাইরে পাঠাতে ব্যর্থ হন তিনি। তবে জুরেলকে থামাতে পারেনি স্বাগতিকরা। ৯৯ এ পৌঁছানোর পর একটু চাপে পড়েছিলেন তিনি। কিন্তু মিড অফে বল ঠেলে ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিয়ে শতক পূর্ণ করেন এই ব্যাটার। কামিল মিশারার বল সরাসরি স্টাম্পে লাগলে সাজঘরে ফিরতে হতো তাকে। ভাগ্য সহায় ছিল। ২৫ বছর বয়সী ব্যাটার তার বাইসেপে আঁকা ট্যাটু দেখিয়ে সেঞ্চুরি উদযাপন করেন।

প্রসিধ কৃষ্ণা আসিথা ফার্নান্ডোর একটি ফুল টসে বাউন্ডারি মেরে ভারতের স্কোর পাঁচশ পার করেন। তারপরই আসে ইনিংস ঘোষণা। জুরেল ১৭৭ বল খেলে ৯ চার ও দুই ছয়ে ১১৫ রানে অপরাজিত ছিলেন।

১০৬ রান দিয়ে চার উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার ছিলেন আসিথা। পান্ত আঘাতের কারণে কিপিং করতে পারেননি। শ্রীলঙ্কার ইনিংসে গ্লাভস দেওয়া হয় জুরেলকে। এর আগে দেবদূত পাডিক্কাল ১১৭ রানের ইনিংস খেলেন। প্রথম টেস্টে ১৬৭ ও ৪৪ রান করার পর দারুণ ফর্মে ধারাবাহিকতা ধরে রাখেন তিনি।

এফএইচএম