বিজ্ঞাপন

অভিজ্ঞ লেগ স্পিনারকে নিয়ে জিম্বাবুয়ের দল ঘোষণা

অভিজ্ঞ লেগ স্পিনারকে নিয়ে জিম্বাবুয়ের দল ঘোষণা

অভিজ্ঞ লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার নামিবিয়ায় আসন্ন টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের জন্য জিম্বাবুয়ে দলে ফিরেছেন। এ বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটের ম্যাচে শেষবার খেলা ক্রেমার বাঁ হাতের চোট থেকে সেরে উঠেছেন। ওই চোটের কারণে তিনি বাংলাদেশ ও ভারতের বিপক্ষে হোম সিরিজ থেকে বাদ পড়েছিলেন।

সিকান্দার রাজার নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা ফাস্ট বোলার কুন্দাই মাতিগিমু। ২৮ বছর বয়সী এই বোলার ক্যারিয়ারে মাত্র ১১টি টি-টোয়েন্টি খেললেও গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টেস্টে জিম্বাবুয়ের হয়ে সুযোগ পেয়েছিলেন। অন্যদিকে চোটের কারণে ওয়ানডে ও টেস্ট অধিনায়ক রিচার্ড এনগারাভা এবং তানাকা চিভাঙ্গা দলে নেই। এনগারাভা পিঠের নিচের অংশের চোট থেকে সেরে উঠছেন। চিভাঙ্গা গোড়ালির চোটের কারণে অস্ত্রোপচার করিয়েছেন।

সিরিজে তিনটি দলই একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে এবং শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। ২৯ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম ম্যাচ। তার দুইদিন পর তারা স্বাগতিক নামিবিয়ার মুখোমুখি হবে।

দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, বেন কারান, ব্রাড ইভান্স, ইনোসেন্ট কায়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, কুন্দাই মাতিগিমু, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, নিউম্যান নিয়ামহুরি, তাফাদজোয়া সিগা।

এফএইচএম