বিজ্ঞাপন

ইনফান্তিনোর পাশে দাঁড়ালেন ক্যামেরুন লিজেন্ড

ইনফান্তিনোর পাশে দাঁড়ালেন ক্যামেরুন লিজেন্ড

তোপের মুখে থাকা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানালেন ক্যামেরুনের ফুটবল লিজেন্ড স্যামুয়েল ইতো। বিতর্কিত বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার পর পদত্যাগের জন্য ক্রমাগত চাপে থাকা সুইস-ইতালিয়ান প্রশাসকের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি বললেন, ‘ইনফান্তিনো কোনো ভুল করেননি।’

বিশ্বকাপের পর ফিফা টুর্নামেন্টগুলোর অংশীদারত্ব বেসরকারি কোম্পানির কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। উয়েফা বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়ে প্রতিবাদ জানায়। তাদের পাশে দাঁড়ায় আরও বেশ কয়েকটি মহাদেশীয় ও জাতীয় ফেডারেশন। ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন তুলে নেয় তারা।

তবে ক্যামেরুনিয়ান ফুটবল ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ইতো অন্য দিকে। ইনফান্তিনোর নেতৃত্বের সমালোচনাকে মানতে পারছেন না তিনি। তার মতে, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কূটকৌশলের অংশ হিসেবে সমালোচনার ঢেউ ভেসে আসছে।

আফ্রিকার রেকর্ড চারবারের বর্ষসেরা ফুটবলার সিএনএন-কে বলেছেন, ‘আমি মনে করি না প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো কোনো ভুল করেছেন। আমার মনে হয় নির্বাচন আসন্ন, তাই এসবকিছুর জন্য এই সময়টা বেছে নেওয়া হয়েছে।’

সম্প্রতি অনাস্থা ভোটের শঙ্কা বেড়ে যাওয়ায় চাপে রয়েছেন ইনফান্তিনো। উয়েফার সঙ্গে এশিয়ান ফুটবল কনফেডারেশন ও কনকাকাফ তাদের আস্থা হারানোর কথা জানায়। কিন্তু আফ্রিকান ফুটবল কনফেডারেশন এই মাসের শুরুতে ইনফান্তিনোর প্রতি ‘সর্বসম্মতিক্রমে সমর্থনের’ কথা নিশ্চিত করেছে। ইতোর সমর্থনে তাদের সেই অবস্থান আরও দৃঢ় হলো। 

ইন্টার মিলান ও বার্সেলোনা—ভিন্ন ক্লাবের হয়ে টানা দুটি চ্যাম্পিয়নস লিগ জেতা প্রথম খেলোয়াড় আফ্রিকান দেশগুলোকেও ইনফান্তিনোর প্রতি সমর্থন জানানোর ডাক দিয়েছেন, ‘প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ফুটবল বদলে দিয়েছেন। সবচেয়ে সুন্দর টুর্নামেন্ট বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ যারা পায়নি তাদেরকে তিনি সুযোগ করে দিয়েছেন। তিনি ছোট দেশগুলোকে এই ধরনের প্রতিযোগিতায় খেলতে সাহায্য করেছেন। তিনি আমাদের মহাদেশের ফুটবলকে সহায়তা করেছেন। আমাদের ফেডারেশনের দ্রুত উন্নয়নে সাহায্য এসেছে তার কাছ থেকে। আমাদের সেটা স্বীকার করতে হবে। সে যা করেছে সেটা আমাদের মেনে নিতে হবে এবং স্বীকৃতি দিতে হবে। এখন পর্যন্ত তিনি যা করেছেন সবকিছুর জন্য আমাদের সমর্থন জানানো উচিত তাকে।’

এফএইচএম

বিজ্ঞাপন