বিজ্ঞাপন

সেই ট্যাটুর রহস্য ফাঁস করলেন জুরেল

সেই ট্যাটুর রহস্য ফাঁস করলেন জুরেল

কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে নজর কেড়েছেন ধ্রুব জুরেল। ভারতের এই ক্রিকেটার আরেকটি কারণে দৃষ্টি আকর্ষণ করেছেন। শতরান উদযাপনের সময় তিনি বাঁ বাহুতে আঁকা ট্যাটু দেখান, যেখানে লেখা ‘জয় জওয়ান, জয় কিষাণ’।

এই ট্যাটু দেখে অনেকের কৌতূহল জাগা স্বাভাবিক। এর পেছনে কারণ কী কিংবা অর্থ কী, সেটা জানার ইচ্ছা দর্শক-সমর্থকদের। তাদের কৌতূহল মেটাতে বেশিক্ষণ অপেক্ষায় রাখেননি জুরেল।

কলম্বোতে দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতীয় ব্যাটার জানান, এই ট্যাটু দিয়ে নিজের শেকড়কে স্বীকৃতি দিয়েছেন। বোঝাতে চেয়েছেন, শেকড়কে কখনো ভোলা যায় না, ভুলে থাকা উচিত নয়। এই ট্যাটু দিয়ে নিজের বাবা ও দাদাকে স্মরণ করেছেন তিনি।

ম্যাচের পরের সংবাদ সম্মেলনে জুরেল নিজের পারফরম্যান্স নিয়েও কথা বলেন। শ্রীলঙ্কায় ভারত ‘এ’ দলের সঙ্গে দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেঞ্চুরির সাফল্যের দেখা পেয়েছেন বলে জানালেন তিনি।

জুরেল বললেন, ‘আমি ভারত এ দলের সঙ্গে সফর করেছিলাম, একটি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছিলাম। আমি পরিস্থিতি সম্পর্কে অবগত। ব্যাটিংয়ের সময় আমি কেবল জুটি গড়ার চেষ্টা করছিলাম। যেভাবে কোচ ও অধিনায়ক বলছিলেন- তিনি সবসময় কন্ডিশন পর্যবেক্ষণ করতে বলেন। পরিস্থিতি যেমনটা চায়, সেভাবেই ইতিবাচকভাবে খেলতে হবে।’

তারপর ট্যাটু নিয়ে রহস্যের জট খুলে দিলেন, ‘এটাই আমার গল্প। আমার দাদা ছিলেন কৃষক এবং আমার বাবা ছিল সৈন্য। এগুলো আমার শেকড়, যেখান থেকে আমি এসেছি। আমি সেগুলোকে ভুলে যেতে চাই না। তাই উদযাপনটা ছিল আমার বাবা ও দাদার জন্য।’

জুরেল তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করে ১১৫ রানে অপরাজিত ছিলেন। ভারত ৯ উইকেটে ৫০৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। তারপর তিন ওভারের মধ্যে শ্রীলঙ্কার দুটি উইকেট নিয়ে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে শক্ত হয়ে বসেছে ভারত।

এফএইচএম