বিজ্ঞাপন

ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট জমা!

ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট জমা!

প্রয়াত ফুটবল আইকন ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগ এনে দীর্ঘ বিচার কার্যক্রম চলছে। সেখানেই এক মস্ত বড় ভুল হয়েছে। আর্জেন্টিনার এক স্বাস্থ্য বীমা কোম্পানি স্বীকার করেছে, বিশ্বকাপ জয়ীর মৃত্যুর মামলায় যে ডাক্তারি পরীক্ষাগুলো উপস্থাপন করা হয়েছে, সেগুলো তার বাবার!

সোমবার এএফপি-র নজরে আসা চিঠিতে দেখা গেছে, সুইস মেডিক্যাল স্বীকার করেছে, ম্যারাডোনার মৃত্যুতে তদন্তকারী চিকিৎসা কমিশনের কাছে যে পরীক্ষাগুলো জমা দেওয়া হয়েছে, সেগুলো ভুলবশত ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনার নাম ব্যবহার করে দেওয়া হয়েছে। আসলে এই ডাক্তারি পরীক্ষাগুলো ২০১৫ সালে মারা যাওয়া তার বাবা ডিয়েগো সালুসতিয়ানো ম্যারাডোনার।

গত সপ্তাহে এই ভুল ধরিয়ে দিয়েছেন ম্যারাডোনার মৃত্যুতে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো সাত স্বাস্থ্যকর্মীর একজনের পক্ষে দাঁড়ানো আইনজীবী। আর্জেন্টিনায় এপ্রিলের মাঝামাঝি থেকে সাতজন পেশাদার স্বাস্থ্যসেবা দানকারীর বিচার চলছে। তাদের সম্ভাব্য অবহেলার কারণেই ম্যারাডোনার মৃত্যু হয়ে থাকতে পারে বলে অভিযোগ রয়েছে।

মস্তিষ্কে রক্তক্ষরণের অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর ২০২০ সালের নভেম্বরে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে এবং অ্যাকিউট পালমোনারি এডিমা (ফুসফুসে পানি জমে যাওয়ার একটি অবস্থা) রোগে আক্রান্ত হয়ে মারা যান। চলমান বিচারকার্যক্রম অন্তত সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।

এফএইচএম